আমি জানি তুমি আসবে, তেমন ই তো কথা ছিল, তাই না?
অপেক্ষায় আছি লাভ বার্ডের জোড়াটা কিনব বলে, আমি একাকী,
ওর কেন সঙ্গী হবে?
মানিপ্ল্যান্টের লতা বারান্দার গ্রীল ছাড়িয়ে ঝুলে পড়েছে কার্ণিশে
ছাঁটা হয়নি তোমার প্রতীক্ষায়, তুমি আসবে বলেছিলে!
আমার এলোমেলো বিছানায় সুনীল-নেরুদা-র্যাঁবোরা গড়িয়ে আছে
আমি আর গুছিয়ে নিইনি, জানি তুমি আসবে, বকবে,
গুছিয়ে নেবে এই সংসার!
রংধনুর সব রঙের কাঁচের চুড়িতে ভরে গেছে আমার ড্রয়ার, তোমার
হাতে প্রবেশের অপেক্ষায় ধূলোময় হচ্ছে, ঠিক আমার মতন করে!
তুমি কবে আসছ?
অল্প অল্প করে জমানো টাকায় কেনা সস্তা হীরের নাকফুল পড়ে আছে টেবিলে,
ঐ যে সেদিন তুমি নাক ফুটো করলে,তাই!
প্রতিদিন দাঁড়িয়ে থাকি বিজয় সরনীর মোড়ে, প্লেনটার সাথে ভাব জমে গেছে বেশ
তুমি আসবে, এক ঝলক তোমাকে দেখব, হাসব!
আর দেখা হয় না!
কতশহস্র মানুষেরা আসে, অথচ তাদের ভীড়ে তুমি নেই, তোমাকে খুজেঁ হয়রান আমি ক্লান্ত হয়ে বাসায় ফিরি। ডোরবেল দিই।
আচ্ছা
দরোজা কি তুমি খুলবে?
আমি জানি তুমি আসবে, তোমাকে আসতেই হবে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


