বহু শতাব্দী প্রাচীন, মস্ত গুড়ির বটবৃক্ষ হয়ে,
অধীর আগ্রহ নিয়ে, দাঁড়িয়ে আছি, তার প্রতীক্ষায়!
আমি ঠায় দাঁড়িয়ে আছি, রৌদ্রোজ্জ্বল পথে পরিশ্রান্ত
পথিকের ছায়ার আশ্রয় নিয়ে, তার ফেরার কথা ছিল...
আদৌ কি সে আসবে?
হাজারো সভ্যতা পুরনো মাটির টেরাকোটার মত
আকিবুকিঁ স্মৃতির নকশা নিয়ে নির্লিপ্ত
বৌদ্ধের ধ্যানমগ্নতা নিয়ে, পবিত্র রূপে আমি অপেক্ষায়!
টেরাকোটার অলঙ্কন কি মুছে গেছে তার স্মৃতিতে?
সে কি বিস্মৃত?
এক আকাশ ভালোবাসা নিয়ে, আমি বৃষ্টি হয়ে ঝরি,
ভেজা মাঠের গন্ধ থেকে চর্যাপদের ক্ষয়ে যাওয়া পাতায়
হাজারো রোমান্সের কাকতালীয় সেই একই নায়ক!
উথলে ওঠা তেরো নদী সাত সমুদ্দুরের জল নিয়ে
অশ্রুতে কান্না হয়ে বিসর্জন হই, সেই শব্দ কি
সে শুনতে পায়?
২২ অগাস্ট,
রাত ১টা বেজে ১৮ মিনিট,
কল্যাণপুর, ঢাকা।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৬ রাত ১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


