ঢাকা থেকে বাসে করে বাসায় ফিরছিলাম। এক দম্পতিকে দেখলাম। তাদের সাথে তাদের ২ ছেলে। ছেলেদের বসতে কষ্ট হচ্ছে দেখে তাদের বাবা সিট ছেড়ে দিল। ছেলেরা আরাম করে ঘুমাতে লাগল। তাদের বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমাচ্ছিল। ছেলের গরম লাগছে দেখে শার্টের বোতাম খুলে দিল। একেই বলে আদর্শ বাবা। এটাই পৃথিবীর শুদ্ধতম ভালবাসা। সন্তানের প্রতি বাবা মায়ের ভালবাসা। যেই বাবার টাকার অভাব থাকলেও , বুক ভরা ভালবাসার অভাব নেই।
বাসায় ফিরলাম রাত ৪ টায়। বাসায় ঢুকতেই দেখি বাবা দাঁড়িয়ে আছে। আমি বললাম,'বাবা, আমার জন্য এত রাত পর্যন্ত জেগে না থাকলেও চলত। ' বাবা বলল,'বাবা,রাতে ঘুম আসছিল না । তাই জেগে আছি। ' মনে মনে বললাম আমি জানি সত্যিটা কি।
শুয়ে পরলাম। ঘুম আসে না। ৫ টার দিক ভোরের আলো ফুটল। বাইরে বের হয়ে গেলাম। কিছুক্ষন হাটাহাটির পর দেখলাম ১ জন লোক আমার দিকে এগিয়ে আসছে। সাথে তার ছেলে। ৪-৫ বছর বয়স হবে ছেলেটার। দুজনেরই জামা কাপড়ের দৈন্য দশা। কাছাকাছি এসে বলল,'স্যার আমার ছেলেটা কাল সকাল ধরে কিছু খায় নাই। যদি কিছু সাহায্য করেন। ' আমি তাকে বললাম ,'আপনি খেয়েছেন?' সে উত্তর দিল, 'না স্যার। ছেলেটারে খাওয়াতে পারিনা। নিজে খামু ক্যাম্নে?' তাদের ২ জন কে নিয়ে ১ হোটেলে ঢুকলাম। খেতে খেতে লোকটার কাহিনী শুনলাম। সে ঢাকার ১ টা এপার্টমেন্টে দারোয়ান ছিল। চুরির অভিযোগে তাকে বহিস্কার করা হয়েছে। আমি উনার চোখের দিকে তাকালাম। এক বিন্দু অশ্রু হয়ত দেখলাম। জানিনা এটা বঞ্চনার, নাকি প্রায়শ্চিত্তের,নাকি আনন্দের নাকি দুখের। আমার মনে হল এই লোক চুরি করতে পারেনা।
আমি বললাম,'আপনি কি সত্যিই চুরি করেছিলেন?' সে কোন উত্তর দিল না। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে সে চুরি করতে পারে। খাওয়া শেষ হলে উনাকে সিগারেট কিনে দিলাম, আর তার ছেলেকে সেভেন আপ । ওকে জিজ্ঞাস করলাম, 'বাবু, আর কিছু খাবা?' বলল,'চকো চকো। ' ওর বাবার দিকে তাকালাম । উনার চোখে আমি একজন পরাজিত বাবা কে দেখতে পেলাম। যার মুখে ছিল মলিন হাসি। আমি পরাজিত বাবার কাছ থেকে বিদায় নিতে গেলাম। তখনই সে হাউমাউ করে কেদে দিলো। কাদতে কাদতে বলল 'আমার ছেলেটার অসুখ হইছে স্যার। কঠিন অসুখ। মাসে মাসে রক্ত দেওন লাগে। অনেক টাকার ওষুধ লাগে। এই জন্য আমি চুরি করছি স্যার। '
হুমায়ুন স্যারের কথাটা আসলেই সত্যি। 'পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে, একজনও খারাপ বাবা নেই'।
ছেলেটার দিকে তাকালাম। অনেক তৃপ্তির সাথে চকো চকো খাচ্ছে। আমি কিছু না বলেই ওখান থেকে চলে আসলাম।
. . . . . . . . . . . . . . . . . . . .
(এটা কোন গল্প নয় অভিজ্ঞতা। পৃথিবীর সব বাবাদের মন থেকে শ্রদ্ধা জানাচ্ছি)।
. . . . . . . . . . . . . . . . . . . .
পুরোনো লেখা গুলো ঘাটতে ঘাটতে এটা শেয়ার করতে ইচ্ছে হলো ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


