পীর-ফকীর সম্পর্কে কতিপয় ভ্রান্ত ধারণা
---
১. অনেকেই মনে করে, পীর-ফকির, অলী-আওলিয়ারা গায়েবের খবর রাখে, কবর খেকে মানুষের আবেদন-নিবেদন শুনতে পায়, তাদের ভাল-মন্দ করার ক্ষমতা রাখে এবং দুনিয়া পরিচালনায় তাদের হাত আছে। এসব ধারণা নিতান্তই ভ্রান্ত। পীর-ফকির তো দুরের কথা আল্লাহ তায়ালার প্রেরিত নবী রাসূলগণও এসব বিষয়ে কোন ক্ষমতা রাখতেন না।
২. পীর-মুর্শিদ, গাউছ-কুতুব, যামানার মুজাদ্দিদ, অলিয়ে কামেল, পীরে কামেল, এ ধরনের শব্দ প্রয়োগ করে কাউকে উপাধি দেওয়া বা নিজে উপাধি গ্রহণ করা হারাম।
৩. অনেকে মনে করে, ঐসব উলঙ্গ, মাথায় জটঅলা, ১০/১২ কেজি ওজনের শিকল গলায় ঝুলানো ফকিরদের কাছে অনেক কিছুই আছে। নাঊজুবিল্লাহ। এ ধরনের বিশ্বাস রাখা কোন জাতের বোকামী একটু ভেবে দেখা দরকার। বলাবাহুল্য ওদের কাছে মহান আল্লাহ তায়ালা ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নাফরমানীর সাথে সাথে চরম বেহায়াপনা, শয়তানী, মারাত্মক দুর্গন্ধ এবং বৈরাগ্যপনা ইত্যাদি হারাম ও রুচি বিরোধী কাজ ছাড়া আর কি আছে?
৪. যে কোন মাযারে বা পীরের দরবারে খাজাবাবাদের নামে ডেগ চড়িয়ে সেখানে আগরবাতি, মোমবাতি ও ধুপ জ্বালানো, আতর-গোলাপ ছিটানো, ফুল দেয়া, মান্নত দেয়া সবই হারাম। এমনিভাবে বিপদ মুক্তির আশায় কারো কাছে আবেদন-নিবেদন করা, কবরে-মাযারে সিজদা করা এগুলি পরিস্কার শিরক ও হারাম। এছাড়া বাদ্যযন্ত্র বাজানো এবং অশ্লীল ও মারেফতী গান হারাম - এতে কোনই সন্দেহ নেই।
৫. অনেকেই মনে করে যে, বিনা উযূতে আব্দুল কাদের জিলানীর নাম নিলে মাথা কাটা যায়, কিংবা আড়াইটা পশম ঝরে যায়। কেউবা মনে করে তাঁর অসিলায় বাগদাদে কবরের আযাব মাফ, তিনি গায়েবের খবর রাখেন, মানুষদেরকে কঠিন বিপদ থেকে উদ্ধার করতে পারেন। নাঊযুবিল্লাহ। এ ধরনের কথা বিশ্বাস করা কিংবা প্রচার করা খাঁটি শিরক ও কুফরী।
৬. অনেকে কোন কোন পীরকে 'হক্কানী পীর' বলে সনদ দিয়ে থাকে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, কারণ কোন হক্কানী আলেম নিজেকে কোনদিনও পীর বলে দাবী করেননি।
মুসলিম মিল্লাতের কাছে অনুরোধ আপনারা একটু ভেবে দেখুন ইসলামের নামে সমাজে আজ চলছেটা কি! শিরক-বিদ'আতের মহাপাপের পাশাপাশি নারী ধর্ষনের মতো জঘন্য কাজে লিপ্ত হওয়ার পরেও ওরা নিজেদেরকে নিরীহ মুসলমানের পরকালের নাজাতের ঠিকাদার বলে দাবী করছে। আর মানুষও ছুটে চলছে মরীচিকার পেছনে।
আর বসে থাকার সময় নেই, আমাদেরকে সম্ভাব্য সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে ময়দানে। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে শিরক-বিদ'আত ও ভ্রান্ত অসিলা ধরা হতে মুক্ত হয়ে নির্ভেজাল তাওহীদ আর সহি সুন্নাতের প্রচার ও প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করার পূর্ণ তাওফীক দান করুন। আমীন।
~~~সমাপ্ত~~~
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



