নির্লজ্জ স্বদেশ আমার
শুধু পাথর চোখে চেয়ে দেখা ক্ষুধিত দানবের আস্ফালন।
রক্তগঙ্গায় নিজেকে ধুয়ে মুছে তৈরী করে দিয়েছিলে হায়নাদের আবাসস্থল
যারা নির্বিচারে পান করে চলেছে নিরীহদের রক্ত।
প্রতিবাদ! সেতো অর্বাচীন!
যুগের পর যুগ শুধু অত্যাচারীত হয়ে
নিজের নীড় আগলে রাখার প্রতিযোগীতা।
যদিও বা কোন কণ্ঠস্বর ভেসে আসে ক্ষনিকের জন্যে,
হঠাৎ সেই কণ্ঠস্বর স্তব্ধ হয়ে যায় দাবানলের সামনে।
ভয়ে শিউরে উঠি!
কবে আসবে আমার নাম্বার,
দেয়া হবে বলি আমার,
থামিয়ে দেয়া হবে আমার কণ্ঠস্বর।
খোলা মাঠে দামামা বাজিয়ে এ কোন ধবংশজজ্ঞ
আর আমরা সেতো নিরব দর্শক মাত্র,
হাত তালি দেবারও কোন ক্ষমতাটুকুও নেই আমাদের
পাছে হারাতে হয় তার হাত দুটো।
পবিত্র পতাকার আড়ালে ঘটে যাওয়া কিছু লেখকের কলাম,
কলমের নিভ ভেঙে পড়ে থাকা কয়েক ফোটা কালি,
এনে কি দিতে পারবে সেই আত্ম প্রত্যয়?
যেটাকে সম্বল করে ঝাপিয়ে পড়েছিল ৩০ লক্ষ প্রাণ!
আজ সেটা কই?
হারিয়ে গিয়েছে সময়ের আড়ালে।
আজ আমরা তিন অক্ষরের স্বাধীন মাত্র,
কিন্তু পরাধীন তার চেয়েও অনেক বেশী।
যাকে হারাতে ৯ মাস অকাতরে চলেছে প্রানের বাজি খেলা।
হে স্বদেশ তুমি দেখ!
তবুও তাদের বুকে আগলে রেখেছো তুমি,
নির্লজ্জ স্বদেশ আমার,
নির্লজ্জ তুমি....।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


