দিনগুলি যায়, কোলাহলে, কথায়, ব্যথায়, যন্ত্রের যন্ত্রণায় আর মানুষের চিৎকারে শিৎকারে,
রাত্রিগুলি যায় না, ভাবায়, পোড়ায়, ব্যথা টনটন করে, ঘুণেরা গায় আবার নৃত্য করে __
দিনগুলি যায়, হুজুগে, সুযোগে, প্রতারণায়, ভাউচারে, অার রোদঝলমল আলোর উত্তাপে ;
রাত্রিগুলি যায়না, থেকে থাকে, যেন বহুত মালভরা মালবাহী ট্রেন, স্টেশনে দাড়িয়ে কাঁপে।
ভোরের আলো ফোটে, কত চঞ্চল মানুষগুলো ছোটে পেটের তাপে, আবাসন নির্মাণে, রোজগারে __
আমিও ছুটি, রুটি খাই, ভাজি, সবজি, পার্টটাইম কাজ, আর অধ্যাপনায় জ্ঞান করি বিতরণ ;
হৈহুল্লোড়ে দিন যায, রং তামাশায়, আড্ডায়, কাজে অকাজে, কিংবা সমাজের সমালোচনা করে,
রাত্রিগুলি যায় না, বহু বছরের ভাবনা নিয়ে আসে, মাথার ভিতরে তোলে অসহন অনুরণন।
দিনগুলি যায়, মানুষের কুৎসায়, সমালোচনায় নয়তো কে কোথায় কী করে লুটালো অঢেল অর্থ __
কার বিছানায় কে অসময়ে বপণ করে গেছে মানবশস্যের বীজ, কিংবা রবি শস্যে কে দিয়েছি সার ;
কোন রাজনীতিবিদ কারাগারে, কার বাচ্চা কার পেটের ভিতরে, কে কার জন্য খুঁড়েছে গর্ত __
এই সব স্পর্শকাতর ঘটনা খুঁটে খুঁটে। রাত যায় না, থেমে থাকে,আকাশে মিটিমিটি অজস্র তারার।
দিনের বেলা তোমাকে মনে হয় না খুব একটা, রাত্রি এলে তুমি ভর করো, যেন পরীধরা যুবক আমি
রাত্রিগুলি আমার এমনই কাটে নির্ঘুম, ভাবনায়, অথই আঁধারের কোলে কত নিকষ হয় দীর্ঘ রজনী।
২৮.০১.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

