গোলাপের ভিতর ডুবে গিয়ে দেখি, গোলাপ আসলেই সুন্দর
গোলাপের পাঁপড়ি হাতে তুলে দেখি গোলাপ আসলেই মনোহর
তোমাকে ভালোবেসে দেখি, রমণীর রমণই পৃথিবীর তাবৎ সুখ
তোমার থেকে দূরে গিয়ে দেখি, তুমিহীন জীবন সত্যিই উষর।
তোমার চোখে চোখ রেখে দেখি, কেনো শিশির জ্বলে নরম রোদে
কেনো রাত্রি এত মদির হয় দিনের অবরোধে
কেনো তুমি এত মোহন হও, পুরুষের পৃথিবীতে
এত নন্দন কেনো কবিতা আর সংগীতে।
ভালোবেসে শেখালে জীবনের বেঁচে থাকার সূত্র আর কৌশল
ভালোবেসে শেখাল কী করে পাথরে ফুল ফোটাতে হয়
ভালোবেসে শেখানে কী করে হাওয়ার ভিতর দিয়ে ট্রেন চলে
ভালোবেসে শেখালে বিনামেঘে কীভাবে বজ্র আর বৃষ্টিপাত হয়।
ভালোবেসে শিখলাম কী করে অধিক ফলন ফলে ওঠে বিরাণ খামারে
কাঁচা লোহা গলে কী করে গার্হস্থ্য শিল্প বানায় কৃষ্ণ কামারে।
০৪.০২.২০১৪
ভালোবাসার কামার //
শাফিক আফতাব //

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

