শিশু নির্যাতন
লুৎফুর রহমান
ধানসবুজের গন্ধমাখা লাল-সবুজের দেশে
একটি ছেলের প্রাণটা গেলো নির্যাতনে শেষে।
বয়স ছিলো অল্প যে তার মাত্র ছিল বারো
পরিবারের উৎস ছিল এবং আপন মারও।
বাপ মরেছে শৈশবেতে ইশকুলে দেয় মায়
খেলার সাথি হতো না কেউ ইশকুলে আর গাঁয়।
ভাল পোষাক নেই বলে তার হাসতো সকল সাথি
চুন থেকে পান খসলে পরে মারেন স্যারে লাথি।
অবহেলায় কাটলো এমন আর হলো না পড়া
কারখানাতে কাজ নিয়ে সে করলো শুরু লড়া।
এদিক-সেদিক কাজের বেলা একটু হলে ভুল
মালিক ব্যাটা মারতো পিঠে, ছিড়তো মাথার চুল।
বলতো না মা থাকতে সুখে বলতো ভাল 'রাজ'
পিঠের দাগটা দেখেন মায়ে বন্ধ করান কাজ।
অন্য গ্যারেজ নতুন করে কাজ করে যায় রোজ
আগের মালিক চারদিকেতে নিতেই থাকে খুঁজ।
সন্ধ্যেবেলা মিললো যখন নিলো সবাই ধরে
গ্যাসটা গাড়ির ওই ছেলেটার পেটের মাঝেই ভরে।
এমন করে মারলো তারে রাখলো ক্ষেতের পাশে
সেই ছেলেটির কান্না আজো বাতাস সুরে ভাসে।
ধানসবুজের গন্ধমাখা লাল-সবুজের দেশে
মায়ের চোখে নদী হলো কান্নারই জল ভেসে।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



