নিজের প্রতি বসের মুগ্ধ দৃষ্টি চোখ এড়ায় না রিমির। অফিসের সর্বোচ্চ কর্তার এই মুগ্ধ দৃষ্টি রিমির গোপন অহঙ্কার। গোপন সুখও বটে! অত্যন্ত ব্যক্তিত্ববান এই লোকের জন্য অফিসের বেশীরভাগ মহিলা কর্মী পাগল হলেও বস শুধু ওর দিকেই মুগ্ধ দৃষ্টি হানেন।
ব্যাপারটা চরম পুলকের।
এই লোকের সাথে সকালে একবার আর সন্ধ্যায় একবার দেখা হয় রিমির। ভাগ্য ভালো হলে দুপুরে আরেকবার। কিন্তু তাতেই দুই যোগ দুই, চার চোখের যা কথা হওয়ার, হয়ে যায়।
আজ অফিসে আসতে একটু দেরী করে ফেলেছে রিমি। জ্যামের কারণে অফিসের গেটে পা রাখতে রাখতে নয়টা দশ বেজে গেছে। এমনিতে ও সিঁড়িই ব্যবহার করে তবে আজ লিফটের দিকে দৌড় দিলো। পাঁচ তলায় উঠার জন্য হাতে এখন সময় নেই। কিন্তু কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়?
প্রবাদটাকে সত্য করে দিয়ে দ্বিতীয় তলায় এসে লিফট থামলো।
রিমির কপাল কুঁচকে গেলো। আজ তাড়াহুড়া আছে আর অতি অবশ্যই... আজকেই প্রতি তলায় লিফটের থামতে হবে।
কিন্তু এ কী!
লিফটে ঢুকলেন রিমির বস। সাথে সাথে নাম না জানা পারফিউমের গন্ধে রিমির মাথা ঘুরে গেলো। সেকেন্ডে সেকেন্ডে চোখাচোখি, লজ্জা পাওয়া, শ্বাস-প্রশ্বাস দ্রুত হওয়া ইত্যাদি শারীরিক প্রক্রিয়া শুরু হয়ে গেলো। ঠিক চার তলায় এসে বস রিমিকে জড়িয়ে ধরলেন। “আই লাইক ইউ” বলে লিফটের দেওয়ালে চেপে ধরে চুমু দিয়ে বসলেন রিমির ঠোঁটে। কয়েক সেকেন্ড পর ছেড়ে দিয়ে সলজ্জ এক হাসি দিলেন। “No one knows this, OK?”
পারফিউমের গন্ধে রিমির মাথা ঠিকমতো কাজ করছিলো না। কেমন একটা নেশা নেশা ভাব। তার উপর অকস্মাৎ বসের সোহাগে রিমির মাথা আরও ওলোট পালোট হয়ে গেলো।
কিন্তু এটা কি সোহাগ? আমার তো সায় ছিলো না!
পারফিউমের নেশা ভেঙ্গে রিমির আত্মসম্মানবোধ মাথাচাড়া দিয়ে উঠলো।
“ঠাস...!” শব্দে লিফট যেনো কাঁপতে শুরু করলো। বসের গালও লাল হয়ে গেলো। লজ্জায় নাকি ব্যথায়, রিমি সেটা বোঝার আগেই লিফটের দরজা খুলে গেলো।
ঝিম ঝিম মাথা নিয়ে রিমি উত্তর দিলো, “No one will know this.”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

