বাবার চাকরীর সুবাদে নানা জায়গায় ঘোরা হয়েছে। সেভাবেই ঘুরতে ঘুরতে হাজির হলাম আমরা শরীয়তপুর-এ। তখন সেটা কেবলই জেলা ঘোষিত হয়েছে। নামেই জেলা আসলে একটা বড় বাজার। আমরা থাকতাম মনে হয় পালং নামে একটা বাজারে। টিএন্ডটি অফিসের ভিতর ছোট্ট কোয়ার্টার আমাদের। চারিদিকে শুধু পানি আর সবুজ গাছপালা। তখন কেবলই কৈশরে পড়েছি । বাবা-মার কোল ছেড়ে একটু একটু প্রকৃতির দিকে ঝুকেঁ পড়ছি।
আমাকে ভর্তি করে দেওয়া হলো একটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। সম্ভবত সেটার নাম ছিল পালং-তুলাসার সরকারী প্রাথমিক বিদ্যালয়। যা-হোক শহরটা এতই নিরিবিলি যে প্রথম কয়েকদিন পর একা একাই স্কুলে যেতাম। সাথে জুটে গেল বন্ধুরা। একজনের কথা খুব মনে পড়ে। তার নাম ছিল সোয়েব। ওর বাবা পুলিশে চাকরী করতো। ওর একটা বোনও আমাদের সাথে স্কুলে যেত। সোয়েব- আমার হারিয়ে যাওয়া বন্ধুদের একজন!
সেই আমার প্রকৃতির সাথে চেনা-জানার শুরু। আর সে প্রকৃতিও ছিল বড় অদ্ভুত। কি তার সৌন্দর্য্য! কি তার বৈপরত্য! শহরের ভিতর দিয়ে ছিল একটা নদী। তার তীর দিয়ে যেতাম স্কুলে। নদীতে খুবই স্রোত থাকতো। অবাক হয়ে দেখতাম সে নদীতে মাছ ধরা। দুপাশে বাধ দিয়ে মাঝখানটা ফাকা রেখে সেখানে জাল আর বাশের জালি দিয়ে মাছ ধরতো অনেকে। এমনকি আমি হাত দিয়ে বড় চিংড়ী মাছ ধরতে দেখেছি। আমাদের বাসার কাছেই নদীর উপর একটা কাঠের পুল ছিল। ভোর বেলা ঘুম ভেঙ্গে গেলে ঐ কাঠের পুলের উপর দাড়াতাম। কত নৌকা ভোর বেলা মাছ নিয়ে পাশের ঘাটে ভিড়তো! ইলিশ মাছ!
এ কাঠের পুলের ওপরেই ঘেটেছিল আমার সদ্য কৈশরের সবচেয়ে অত্যাশ্চার্য্য ঘটনা। তখন তো আর বিজ্ঞান জানতাম না! তো একদিন ভোরবেলা পুলের উপর দাড়িয়ে আছি। যেদিকে মাছের ঘাট তার উল্টা দিকটা ছিল নিরিবিলি। নদীর ওদিকটা দিয়ে আবার হাই ভোল্টেজ বৈদ্যুতিক তার পার হয়েছে। একটি তারের উপর বসে ছিল এক সুন্দর নাম-না-জানা পাখি। হঠাৎ কোথা থেকে দমকা বাতাস এসে দুটো তারকে কাছাকাছি নিয়ে আসে। সাথে সাথে বিদ্যুতের একটা ঝলক। কিছু ছাই বাতাসে উড়ে উড়ে গিয়ে পড়লো নদীতে। সুন্দর পাখিটা যাদুমন্ত্রের মত উবে গেল?! এ ঘটনা আমার কিশোর মনটাকে ব্যাপক নাড়া দেয়।
পরের পর্ব
( চলবে ...)( বানান ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

