
এ অক্ষিগোলক যদি তোমার সাক্ষাৎ পেয়ে থাকে,
তাহলে তোমায় ঘৃণা করি,
এ কর্ণকুহরে যদি তোমার কণ্ঠ প্রবেশ করে থাকে,
তাহলে তোমায় ঘৃণা করি,
এ ওষ্ঠদ্বয় যদি তোমার সাথে বাক্য বিনিময় করে থাকে,
তাহলে তোমায় ঘৃণা করি,
আহত হৃদয়ের আর্তনাদে আমি একা দগ্ধ হবো না,
এ দহনের দায়ভার তোমাকেই বইতে হবে,
ভোরের আলো দেখবার পূর্বে রাতের অন্ধকার তোমাকেও পাড়ি দিতে হবে,
কাঁটার আঘাতে প্রতিনিয়ত হৃদয়ে যে পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে,
কড়ায়-গণ্ডায় প্রতি বিন্দু তোমায় বুঝে নিতে হবে,
এ হৃদয় যদি ভাবের আদান-প্রদান করে থাকে,
তাহলে তোমায় ঘৃণা করি,
মধ্যরাতে আমার আকুতি যদি তোমার আরামনিদ্রা ভঙ্গ করতে না পারে,
তাহলে তোমায় ঘৃণা করি,
ধরিত্রীর বুকে যদি ধরা না পাই,
চাইনা তোমার সংস্পর্শ ধরণীর ওপারে,
প্রতীক্ষার প্রহর গুনতে গুনতে আমি ক্লান্ত,
পরিশ্রান্ত হৃদয় আজ আর থামতে চাইছে না,
আলোর গতিতে সময় ফুরোচ্ছে,
এ পথ আমার, আমি একাই তা পাড়ি দিচ্ছি,
গন্তব্যে পৌঁছে তোমায় স্বাগত জানাবো তা ভেবোনা,
সেখানে বেছে নিতে চাই অপেক্ষমান কাউকে চিরতরে।
আর যদি হয়ে থাকো কেবলই আমার কল্পনা
তাহলে ভেবে নিবো তুমিও সাহিত্যের বনলতা সেন,
কিংবা সিডনি কার্টনের মত অম্লান অস্তিত্ব,
যা কেবলমাত্র অনুভব করা যায়।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০২৬ রাত ১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


