পিতার মৃত্যুর ঘটনার জন্য ডাক্তারদের অবহেলাকে দায়ী করে বক্তব্য দেয়ায় মৃত ব্যক্তির ছেলেকে কান ধরে ওঠ-বস করানো ছাড়াও মারধর করে পুলিশে দিয়েছেন চিকিৎসকরা। এ ঘটনা নিয়ে রোগীর লোকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল রোববার সকালে এ তুলকালাম কান্ড ঘটে।
হাসপাতালের সাথে সংশ্লিষ্ট সূত্র জানায়, পিরোজপুর থেকে শনিবার দুপুরে মোঃ সাহেদ আলী ফরাজী(৭০) নামের এক রোগী খুমেক হাসপাতালের সার্জারী ইউনিট-২এ ভর্তি হন। রাতে রোগীকে নেয়া হয় অপারেশন থিয়েটারে। রোগীর আপনজন কারও কাছ থেকে অঙ্গীকারনামায় স্বাক্ষর না নিয়েই ও.টি শুরু করেন চিকিৎসকরা। রাত তিনটার দিকে রোগীর ভিজিটরদের জানানো হয় ‘রোগী সুস্থ আছেন, আপনারা ওয়ার্ডে চলে যান’। কিন্তু গতকাল সকালে রোগীর ছেলে অহিদুল ফরাজীকে ডেকে বলা হয় ‘আপনার পিতা মৃত্যুবরণ করেছেন’। ডাক্তারদের মুখে পিতার মৃত্যুর খবর শুনেই কান্নায় ভেঙ্গে পড়েন অহিদুল। ডাক্তারদের ভুল চিকিৎসায় তার পিতার মৃত্যু হয়েছে বলেও দাবি করে অহিদুল বলেন, ও.টি’র কথা তাদেরকে না জানিয়েই অপারেশন থিয়েটারে নেয়া হয়। এমনকি ভুল চিকিৎসায় রাতেই তার পিতার মৃত্যু হয় এবং সকাল পর্যন্ত ও.টিতে লাশ রেখে তাদের সাথে প্রতারণা করা হয় বলেও জানান অহিদুল। তার এহেন প্রতিবাদের মুখে ক্ষিপ্ত হয়ে ওঠেন চিকিৎসকরা।
সার্জারী ইউনিট-২-এর সহকারী রেজিষ্ট্রারসহ কয়েকজন চিকিৎসক অহিদুলকে কান ধরিয়ে ওঠ-বস করান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার এক পর্যায়ে মৃত: সাহেদ আলীর পরিবারের সদস্যরা ডাক্তারদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এরপরও ডাক্তারদের ক্ষিপ্ততা বেড়ে যায়। এক পর্যায়ে খবর পেয়ে সেখানে উপস্থিত হয় সোনাডাঙ্গা থানার পুলিশ। পুলিশের সামনেই অহিদুলকে মারধর করা হয়। পরিস্থিতি সামাল দিতে অহিদুলকে পুলিশী নিয়ন্ত্রণে নেয়া হয়। তাকে থানায় নিয়ে কিছু সময় আটক রাখার পর ছেড়ে দেয় পুলিশ।
পাঠকদের মন্তব্য প্রত্যাশা করি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

