ভারতে সেনা কর্মকর্তা ও জওয়ানদের মধ্যে কয়েকটি সংঘর্ষের ঘটনায় দেশটির সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীতে এখন যারা জওয়ান হিসেবে দায়িত্ব পালন করছেন তাদের শিক্ষাগত যোগ্যতা ও সামাজিক প্রেক্ষাপট বদলে গেছে। এ পরিস্থিতিতে তাদের সঙ্গে যথাযথ আচরণ করা সেনা কর্মকর্তাদের কর্তব্য।
সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে সরকারের পক্ষ থেকে এ উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টোনি বক্তৃতা করেন। সম্মেলনে ভারতীয় সেনাপ্রধান বলেছেন, আইন-শৃঙ্খলা ভঙ্গের মতো ঘটনার ক্ষেত্রে সেনাবাহিনীর নীতি হবে ‘জিরোটলারেন্স।’
ভারতে সাম্প্রতিক বছরগুলোতে সেনা কর্মকর্তা ও জওয়ানদের মধ্যে সংঘর্ষ এবং হাতাহাতির ঘটনা তুলনামূলকভাবে বেড়ে গেছে। গত মাসে মিরাটে মোতায়েন শিখ লাইন ইনফ্যানট্রি রেজিমেন্টের সেনা কর্মকর্তা ও জওয়ানদের মধ্যে সংঘর্ষে সেকেন্ড-ইন-কমান্ডসহ দুই সেনা কর্মকর্তা আহত হয়। ভারতের বর্তমান সেনাপ্রধান জেনারেল বিক্রম সিং শিখ লাইট ইনফ্যানট্রির সঙ্গে যুক্ত।
গত বছরের ৮ আগস্ট ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের সাম্বা জেলায় মোতায়েন সাঁজোয়া ইউনিট সিক্সটিনথ লাইট ক্যাভালরি'র এক সেনার আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে প্রায় বিদ্রোহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এ ঘটনার পর ওই ইউনিটের সব সেনা কর্মকর্তাকে সরিয়ে নেয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তড়িঘড়ি করে ওই এলাকায় দু'টি সেনা ইউনিট পাঠানো হয়।
এ ছাড়া, গত বছরের ১০ ও ১১ মে চীন সীমান্তবর্তী লাদাখে মোতায়েন ২২৬ রেজিমেন্টের জওয়ানরা কর্মকর্তাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। ভারতীয় সেনা কর্মকর্তা ও জওয়ানদের মধ্যে গোলাগুলি বিনিময়ের ৪৮ ঘণ্টা পর ভারতীয় সংবাদ মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত বিবরণ প্রকাশিত হয়। ওই ঘটনায় ইউনিটের কমান্ডিং অফিসার, দুই মেজর এবং দুই জওয়ান মারাত্মক আহত হয়েছিল।
২০১০ সালের ২৯ এপ্রিলে গুরুদাসপুরে মোতায়েন ৪৫ ক্যাভালরি ইউনিটের সেনাকর্মকর্তা ও জওয়ানদের মধ্যেও হাতাহাতি হয়েছিল। এ সব ঘটনায় জড়িত সেনা কর্মকর্তা ও জওয়ানদের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনী এরইমধ্যে পদক্ষেপ নিয়েছে। গত বছর দু’শ’র বেশি সেনা কর্মকর্তা ও জওয়ানের বিরুদ্ধে শাস্তিমূলক বা প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে।
সূত্রঃ ব্রেকিংনিউজ.কম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

