মুহুর্তের একটা সামান্য ঘটনায় আমার জীবনটা আবার আজীবনের জন্য বদলে গেল! যাবজ্জীবন কারাবাস থেকে আমৃত্যু দ্বীপান্তর! মন্দ নয়, কি বল?
তো যাওয়ার আগে শেষ মজার কথাটা বলেই যাই,-- বাকি রেখে লাভ কী?
ঘটনার শুরু সেই সকালের এক আজব ঘটনা দিয়ে-
আমি যাকে হত্যা করার পাপে আজীবন সাজা খাটছি,দেখি সে জেলখানার ওপাশের দেওয়ালে দাঁড়িয়ে পেচ্ছাব করছে! দেখে তো আমি পুরো ভূত দেখার মত করে চমকে উঠলাম! কিন্তু আমি তো নিশ্চিত ও ভূত না, সকালের রোদে আমি ওর ছায়া পরিস্কার দেখেছি! ভুতের ছায়া পড়ে না আমি জানি। আর ঐ ছায়াটাকে ধরবার জন্য আমি একসময় মরুভূমিতে ডুবসাঁতার দিতে সকাল বিকাল তৈরি থাকতাম। যাই হোক, আমার আসলে তার পরের কথা খুব বেশী কিছু মনে নেই। শুধু মনে আছে আমি সবকিছু ভুলে এক ছুট দিলাম, যেন আমার মনেই ছিল না যে আমি একজন দণ্ডপ্রাপ্ত আসামী, আরেকটা ডাস্টবিনে উড়ে যাবার নিতান্ত কাক-স্বাধীনতাটুকুও আমার জন্য নিষিদ্ধ। ফলাফল যা হবার তাই, গরাদে প্রচণ্ড এক ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেলাম, কোনোরকম উঠে দাঁড়াতে দাঁড়াতে দেখলাম সত্যিকারের সেই মজার কান্ড- আমার ছায়াটা আমাকে ফেলে আমার সেই দণ্ডদাতার পিছুপিছু হেলে দুলে হেঁটে চলে যাচ্ছে!
আমারই ছায়া!
আমারই সামনে!
পিছু পিছু হেঁটে হারিয়ে গেল তার সাথে!
সেই তার সাথে- যাকে হত্যার স্বঘোষিত পাপে আমি সাজা খাটছি সেই কবে থেকেই!
আমি কি অনেক কেঁদেছিলাম?
আমি কি অনেক চিৎকার করেছিলাম?
নাকি জীবনের এই সব অসহ্য দম ফাটানো রসিকতায় অট্টহেসে ফাটিয়ে দিয়েছিলাম তোমাদের কানের তেলানো পর্দাগুলো?
হবে হয়তো কিছু একটা, অথবা সবকিছুই- কী আসে যায়? আমি এখন আর তত সবকিছু মনেও রাখতে চেষ্টা করি না, শুধু মনে আছে এবার আর তোমরা গত বারের মত আমাকে পাথর ছুড়লে না! বরং আমাকে নিয়ে খুব মজা করলে! আমার ছায়ালুটের শেষ দুঃখটুকু তোমাদের তেলাপোকা জীবনে এক বেলার আনন্দ দিতে পেরেছে দেখে আমি আমার ভুলে যাওয়া সব দুঃখগুলো আবার সব মনে করবো কিনা ভাবছি-
এমন সময় ...
ঠিক এমন সময়... ...
ধূর ছাই! এতসব মনে রেখে লাভ কী?
******************************************************************
আবার এসেছি ফিরে!
মাঝে বেশ কিছুদিন ব্লগে ছিলাম না, সারা বছর ধরে বোনা কিছু শব্দ শস্য নিয়ে গিয়েছিলাম হাটে, নবীন চাষা তো, ঘুরপাক খেলাম অনেক! যাই হোক, সাথেই থাকুন, সাথেই আছি- শুরু হোক আরেক অভিযান!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


