গতকাল সন্ধ্যায় এক আসরে জীবনের আর এক অসহ্য দমফাটানো রসিকতা শুনলাম! শুনে হাসি ধরে রাখা দায়, ঘটনার বিবরণদাতা প্রত্যক্ষদর্শী বৃদ্ধ পুলিশ কনস্টেবল, তার ভাষ্যতেই শোনা যাক-
বেশ কবছর আগের কথা বলতিসি। তখন আমার বর্ডারের কাছে এক গরুর হাটের ডিউটি। হাট থেকে ফেরার পথের এক মোড়ে আমাদের সারারাত পাহারা দেওয়া কাজ। অনেক ব্যবসায়ী গরু কিনে নিয়ে যায়, রাতে গরু ডাকাতি-ছিনতাই হয়। তখন আমরা গরুপ্রতি পাঁচটাকা করে নিতাম। একজন পুলিশ কনস্টেবলের বেতন আপনারা কত দেন জানেন?
বললাম- ধারণা আছে, আপনি বলতে থাকেন।
আচ্ছা তাইলে শুনেন- সারারাত যাদের গরু আমরা রাস্তায় জেগে পাহারা দেই, তাদের কাছ থেকে গরুপ্রতি পাঁচ টাকা আমাদের হক মনে করতাম, কেউ দিত, কেউ দিত না। যাই হোক এক রাতের কথা, এক চাষা গরু কিনে নিয়ে ফিরতেসে, যথারীতি আমরা ওর কাছে আমাদের হক দাবী করলাম। চাষা মুখ করুণ করে বলল- স্যার, গরু কিনে এক টাকাও সাথে নাই, এবারেরটা মাফ মাফ করি দেন!
আমাদের তো অভিজ্ঞতা কম না, নিয়মমাফিক ওরে আগাপাশতলা সব খুঁটায়ে চেক করলাম। আর বুঝেনই তো, পুলিশ ধরলে কিছুই হাতাইতে বাদ রাখে না! কিন্তু অবাক ব্যাপার, ওর শরীরের প্রতি ইঞ্চি হাতাইয়াও আমরা কোনো টেকা পাইলাম না! কী আর করা, ছেড়ে দিলাম চাষাকে।
মজা হল কিছুক্ষন পরে দেখি চাষাটা হন্তদন্ত হয়ে ছুটে আসতেসে, চোখমুখ আষাঢ়ের কালো আসমান! আয়সাই কয়
- সার, আমার টেকা হারায়ে গেসে!
- বলিস কী? তোর কাছে তো টাকাই নেই!
- ছিল সার, আমি মিথ্যে কথা বলিসি!
- অ্যাঁ! তোর কথা শুইনা তো আর আমি কই নাই তর কাছে টেকা নাই, পরীক্ষা করেই বলিসি!
- সার টেকা ছিল আমার!
- কোথায় ছিল হতভাগা? তোকে আমি নিজ হাতে হাতাইসি!
- স্যার, আপনি যে আমারে হাতাইবেন, আমি জানি, তাই আমি আমার গরুর পাছার মধ্যি পলিথিনে মুড়ায়ে রাখসিলাম, সামনে গরুর পাছা হাতায়ে দেখি নাই! সার, আমার পনেরশো টাকা! কাল আবার গরু কিনার জন্য রাখিসি, ওইটা টেকা না পালি আমার মান সম্মান থাকবি না সার!
চাষা একদম হাউমাউ করে উঠল! গরু তাইলে আসার পথে কোথাও তার জীবনের সবথেকে দামি গোবরটুকু ছাইড়া দিসে, তখন কিন্তু পনেরশো টেকা অনেক, গরুর গোস্ত ২০ টাকা কেজি।
এখন কেমন লাগে কন? চুদির ভাই, তোদের আমরা পাহারা দেই, পাঁচ টাকা করে নিই, তাতেই তর এতো লাগলো? আমাদের কাছ থেকে বাঁচার জন্য বলদের পাছায় টেকা লুকাইলি, এখন মুড়ি খা বইসা! রাগে মনে হইলো শালারে ধইরা পিটাই, কিন্তু ওর হাউমাউ কান্না দেইখা মায়াও লাগলো! যেমনে কান্তাসে, বউ বন্ধক রাইখা টেকা আনসে কিনা কে জানে!
রাস্তায় আলো নাই, অন্ধকার শুনশান, গরুর আসা যাওয়ায় রাস্তা ভর্তি গোবর, এখন ঐ সব গোবর হাতরাইয়া টেকা খুঁইজা বাইর করা কোনো মানুষের কাজ না, আর ও সারারাত বইসা খুঁজতেও পারবো না, রাত আরেকটু হইলে ওর আজ কেনা গরুটাও ও হারাইবো! অবস্থাটা বুইঝেন মিঁয়া ভাইয়েরা!
আমাদের কাছে আট ব্যাটারীর টর্চ ছিল, জানেন কিনা জানি না, এই টর্চ পাইতে কিন্তু লাইসেন্স লাগে! পুলিশ আর ডাকাত- এই দুই দল ছাড়া এই টর্চ আপনি পাইবেন না, আর চাষার বাচ্চা তো সাথে একটা ম্যাচের কাঠিও রাখে নাই।
যাই হোক, ওর কান্নাকাটি দেখে একটু মায়া লাগলো, কিছুদূর ওর সাথে টর্চ নিয়ে আমরাও খুঁজলাম, ও কিছু গোবর হাতাইলো, পাইলো না ! এদিকে রাত বাইড়া যাইতেসে, চাষা চোখ মুঝতে মুঝতে গেলো গা!
সারারাত জাইগা পাহারা দেওয়া কিন্তু ঝামেলার কাম ভাই। সময় যায় না, ঘটনা কিছু ঘটারও চান্স নাই, যারা ঘটাবে তারা জানে আমরা এই মোড়ে আছি, ঘটনা ঘটবে অন্য কোনো মোড়ে, পথে পথে কত মোড়! এখন আমরা একেক জন টর্চ হাতে ভাগ্য পরীক্ষা করতে বের হওয়া শুরু করলাম, টেকা না পাই, সময়টা তো যাবে! আর ভাই আমি পাইয়াও গেলাম! টর্চ মেরে যাইতে যাইতে দেখি এক গোবরের ফাঁক দিয়ে এক কোনা পলিথিন চকচক কইরা উঠল, বিসমিল্লাহ বলে টান দিয়ে দেখি মাল আমার হাতে, পলিথিনে মোড়ানো পনেরশো টাকা! হা হা, এই হল আমার গল্প!
ভাই টাকাটা কি করলেন?
বৃদ্ধ কনস্টেবল এবার একটু দার্শনিক হইলেন, সেটা তাকে হইতেই হইতো, এই পরিস্থিতিতে সবাই কম বেশী দার্শনিক বনে যায়।
তিনি আবার শুরু করলেন- শোনেন, আপনি জিজ্ঞেস করতেসেন চাষারে খুঁইজা ওরে আমি টেকা ফেরত দিলাম কিনা? এখন কন কীভাবে দিতাম? ঐ চাষারে এখন কই পামু? ওর টেকা হারাইসে, ও তো আর গরু কিনতে কাল এখানে আইবো না, আর ঐ রাতেই আমার হাটে শেষ ডিউটি, থানার ওসি রে দিমু? সে জমা রাখবে চাষারে ফেরত দেওয়ার জন্য? তাইলে আমারে শিয়ালের কাছে মুরগি রাইখা একটা ডিম খাওয়ায়েন! আর আমি গরীব এক মানুষ, পথে পনেরশো টাকা পাইসি, কেউ আমারে দেখে নাই, আমি কারোটা চুরি করলাম না, চাষা আমার সামনে থাকলে অবশ্যই আমি কিছু রেখে ওর টাকা ওরে আমি ফেরত দিতাম, কিন্তু ও আমার সামনে নাই, আমার সামনে শুধু গোবর ঘুইটা পাওয়া এতো গুলো টাকা, আমার লোভ পাহারা দেওয়ার কোনো পুলিশ তো ওইখানে নাই!
বুঝতে পারসি, অত টাকা, কী করলেন ঐ টেকা দিয়ে?
- এইটা আর জিজ্ঞেস কইরেন না, পথের টাকা পথেই উড়াইসি!
আসর থেকে ফিরতে ফিরতে ভাবছি- জীবন, তুমি এত হাসাও কেনে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


