“ বাবা আমরা কি পাখি হয়ে গেছি? ” অতনু কে শক্ত করে বাম হাত দিয়ে বুকে ধরে আছেন তার বাবা সুমিত। ডান হাত দিয়ে ধরে আছেন স্ত্রী মালতিকে।
ছাপোষা মানুষ সুমিত জানেন না, নতুন দিগন্তের আশায় এত বড় হুমকি থাকা সত্ত্বেও নিষ্ঠুর খেলায় কেন তাকে মূল্য দিতে হচ্ছে? আগে কানঘুসা চললেও বিশ্বাস হয় নি। কিন্তু এখন বাস্তবের পর্দা এত বেশি পরাবাস্তব যে বিশ্বাস- অবিশ্বাসে কিছু যায় আসে না।
নিঃশব্দ মালতি শক্ত করে সুমিতের হাত ধরে আছে। ছোট্ট অতনুর হাসি যেন মেঘ হয়ে ঘিরে আছে তার ছোট্ট পরিবার টাকে। মেঘের ভাড়ের পরিনামে যেন মালতি অকাট্য প্রমান। নিজের অশ্রু এতটা পথ ভ্রমন করবে- এ বিস্ময় তাকে ছুতে পারছে না।
চেনা গণ্ডি টা তাদের কাছে যত ছোট হয়ে আসে, বুকের জৈবিক শূন্যতা বাড়তে থাকে। ছোট্ট পরিবারটার ভালবাসার শৃঙ্খলে মেঘ- বর্ষণ খেলা নিমিষেই জীবনী শক্তি হীন হয়ে যায়। অতনুর এমন আর্তনাদ দেখতে হবে, তা সুমিত- মালতি দুঃস্বপ্নে ও কল্পনা করে নি। কল্পনা করে নি নিজেদের এই পরিনতির ও।
বিকালের পড়ন্ত সূর্যের আদুরে আলোতে ও যেন চোখের সামনে সব কিছু ধীরে ধীরে অন্ধকার হতে থাকে। ধীরে ধীরে আলগা হতে থাকে হাতের শৃঙ্খল। ছোট্ট অতনু না বুঝলে ও মালতি সুমিতের মন আর শরীর এখন পরস্পর বিরোধী।
সুমিতের কানে শুধু ভেসে আসে দূরের পথে চলতে থাকা দুইটি প্রাণহীন আর্তনাদ।
শক্তির বশীকরণের নামে গ্রাভিটি নিয়ে এই আত্মঘাতী সম্ভাবনা মাথায় নিয়ে ও যারা নিষ্ঠুর পরীক্ষা চালিয়েছে, তারা জানত সফলতা না পেলে গ্রাভিটি উল্টো পথে কাজ করবে। পৃথিবীর প্রতিটা অঙ্গ ছড়িয়ে পড়বে অজানার পথে।
তাদের প্রতি এই মুহূর্তে কেন যেন মন নিস্ফল ভাবে বিষিয়ে ওঠে, জানে না সুমিত। স্রস্টা নাকি ওপরে থাকেন। সবাই তো সেদিকেই যাচ্ছে স্রস্টার কাজ সহজ করে দিয়ে। বিনিময়ে ওই নিষ্ঠুর মানুষ গুলোর কঠিন শাস্তি চাইবে নিশ্চয়ই সবাই। সে ও চাইবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

