তুই কি আমার এই প্রভাতে সবুজ বুকে নীহার হবি,
শরৎবেলা অম্বার বুকে ছড়িয়ে দেয়া নীলার হবি।
তুই কি আমার পাহাড় বুকে স্নিগ্ধ জলের ঝরণা হবি,
সাগর মাঝে ঝিনুক বুকে লুকিয়ে থাকা স্বর্ণা হবি।
তুই কি আমার আকাশ বুকে শান্ত এক মেঘ হবি,
কবির বুকে ঘুমিয়ে থাকা ছন্দের এক বেগ হবি।
তুই কি আমার ফুলের বুকে আগলে রাখা রেণু হবি,
বটের ছায়ায় ঘুমিয়ে থাকা রাখাল বুকে বেণু হবি।
তুই কি আমার মেঘের বুকে ঘুমিয়ে থাকা জল হবি,
হৃদয় বুকে বয়ে যাওয়া জীবন নদের কূল হবি।
তুই কি আমার শৈবলিনীর বুকে নরম পলি হবি,
রামধনুর বুকে আঁকা সাত রঙের এক তুলি হবি।
তুই কি আমার গীতির বুকে সুপ্ত এক সুর হবি,
আঁধার বুকে লুকিয়ে থাকা অন্ধকারে ভোর হবি।
তুই কি আমার লেখার বুকে কাব্যের ছন্দ হবি
কানন বুকে জড়িয়ে থাকা কুসুম কলির গন্ধ হবি।
তুই কি আমার পলাশ বুকে রক্তলাল বুলবুল হবি,
সাগর বুকে বয়ে যাওয়া ধীর নদীর কুলকুল হবি।
তুই কি আমার রাতের বুকে এক আকাশের তারা হবি,
বেঁচে থাকা বিশ্বাসের বুকে শ্বাস প্রশ্বাসের ধারা হবি।
তুই কি শুধুই এই প্রেমিকের ভালোবাসার রমণী হবি,
এই জীবন বাঁচিয়ে রাখা হৃদপিন্ডের এক ধমনী হবি।
- আরিফ মাহমুদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


