ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহাসহ ২৬ জন বিচারককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে পর্যায়ক্রমে তাঁদের মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে এ হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আদালতের নাজির মাহবুবুল আলম।
মাহবুবুল আলম প্রথম আলো ডটকমকে বলেন, ‘আজ বিকেলের দিকে একটি মুঠোফোন নম্বর থেকে একে একে ২৬ জন বিচারকের মুঠোফোনে হত্যার হুমকি দিয়ে একই খুদে বার্তা পাঠানো হয়েছে। যাঁদের মুঠোফোনে এ বার্তা পাঠানো হয়েছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন—মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা, অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইন ও শহীদুল ইসলাম; বিচারক কেশব রায় চৌধুরী, শাহরিয়ার মাহমুদ, রেজাউল করিম, আবদুস সালাম, আশিকুর রহমান, মুস্তাফিজুর রহমান, ইসমাইল হোসেন ও তানভীর আহমেদ।
জিডির বর্ণনা অনুযায়ী, মুঠোফোনের ওই খুদে বার্তায় বলা হয়েছে, ‘তোরা ইসলামের এনিমিস, তোরা ইসলামের নেতা-কর্মীদের জামিন না দিয়ে তাদের আটক করছ। পুলিশকে মারার পর এখন তোদের পরিবারদের মেম্বারদেরসহ রগ কাটব। তোদের জীবনে মারব। বি রেডি। আল্লাহু আকবর।’
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) এস এম রকিবুল হক জিডির সত্যতা নিশ্চিত করেছেন
সূত্র ঃ প্রথম আলো ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



