বলি নি-
অর্ধেক বাংলাদেশ ,
রেজিষ্ট্রি করে দাও আমার নামে।
বলি নি-
সূর্য কখন ডুববে -
তা আমি নির্ধারন করবো।
বলি নি-
পৃথিবীর সমস্ত পাখি আমার শেখানো সুরে গান গাইবে।
বলি নি -
ধরে আনো একটা আস্ত রঙধনু।
আরো একটা অজানা রঙ তার শরীরের ভেতর ঢুকিয়ে দেই।
বলি নি-
তোমার দুটো চোখ ,
এতো অসহ্য সুন্দর যে-
আমি মূহুর্তেই কঠিন বরফ থেকে
তরল হয়ে যাই।
অথবা পারদ থেকে
গণগনে লো্হার মতো শক্ত।
আমার বিষ্ময়কর পরিবর্তন তোমার মিষ্টি হাসির ভেতর দিয়ে আসছে।
আমার একটি শরীর, কোটি কোটি শরীর হয়ে বেরিয়ে পড়ছে পৃথিবীর পথে পথে।
তোমাকে আলিঙ্গন করে রাখতে চাইছে
যতক্ষণ না,
ইস্রাফিল , বাজায় বাঁশি।
অসহ্য সুন্দর তোমার চোখ।
বলি নি-
কাঁটা চামচ দিয়ে তুলে দাও আমার হাতে।
বলি নি
এমন কিছু ..
যা সম্ভব নয়।
বলেছি-
আমি নীরবে অপেক্ষায় আছি।
আমার চোখে চোখে চোখ রেখে,
মৃদু হাসিতে কাঁপিয়ে পৃথিবী ,
আমাকে বলো-
এই নাও ,
আমাকে ভালোবাসো।
আমি , নিক্তি দিয়ে
তোমার নিখাদ মাপতে আসি নি।
যদি ভালোবাসি ,
যদি সত্যি ভালোবাসি,
জানি
ভালোবাসবার জন্য
এ জীবন বড়ো ক্ষুদ্র।
এতোটা সময় নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


