অপেক্ষার প্রহরে বিধ্বস্ত
মাহমুদুল হাসান ইমরোজ
কতটা প্রহর আমি অপেক্ষায় কাটাবো
আর কতটা প্রহর এভাবেই চলে যাবে!
এক পশলা বৃষ্টি তারপর রোদ্দুর
বকুলতলায় কুড়ানো ফুলগুলোর সঙ্গ
আমাকে বারন করে ফিরে আসতে।
একমুঠো বকুলের মালাটি মেলে ধরি,
তাজা বকুলের ঘ্রাণ এখনও বাকি আছে।
বিশ্বাস করো হে সখি আমি বকুলতলায় আছি
এবং এখানেই অপেক্ষায় থাকব যদি ধরা না দাও।
সেই কুসুমভোরে নগ্নপায়ে শিশির মাড়িয়েছি,
কতটা কাঁটা বিধেছে তার ইয়ত্তা নেই,
একগ্লাস পানিতে শরীরটা এখনো ফুরফুরে
কিন্তু সূর্যটা আমাকে বিরক্ত করেই চলছে,
তবুও আমি অপেক্ষায় আছি পথপানে।
সেদিন বলেছিলে বকুলের মালায় সাজবে
টিকলি আর টায়রা বানিয়ে দিতে হবে,
আর নূপুর পেলে নৃত্যগীতে মন ভরাবে।
আমি তাই প্রতিরাতেই স্বপ্ন দেখি
ভোরের পাখি হয়ে মুঠোমুঠো বকুল তুলি
মালায় জড়িয়ে রাখি সবগুলো অতি যত্নে,
কিন্তু অপেক্ষার প্রহরে আমি আজ বিধ্বস্ত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


