মা অস্থির গলায় বললেন, "কই? আসে না তো "
এদিকে সামনে প্লেটে আম কেটে রাখা।আমি, বাবা, মা আর ভাইয়া প্লেট ঘিরে বসেছি।
মা অভিযোগের সুরে বাবাকে বললেন, "পরিচিত দোকান থেকে নিয়ে আসতে পারো না? "
বাবা বাউন্সারের জবাবে সরাসরি ডাক করলেন, "পরিচিত দোকান থেকেই তো নিয়ে আসলাম, বললো তো ভালো আমই দিচ্ছে "।
-" তাহলে তো এতক্ষণে চলে আসার কথা।তোমাকে মনে হয় আজকেও ঠকায় দিছে ব্যাটারা "
ভালো আম না কিনতে পারার অক্ষমতা নিয়ে বাবা ফুটা হয়ে যাওয়া বেলুনের মত চুপসে যান, হতাশ গলায় বলেন,
-"থাক, খেয়ে নাও, না আসলে কি আর করা যাবে"।
আমরা চারজনই প্লেটের দিকে হাত বাড়াই, মুখে দেয়ার আগে ইতিউতি তাকিয়ে তাকে খুঁজতে থাকি, যদি আসে, পথ ভুল করে হোক, তবুও...
হঠাৎ,
তার আসার শব্দ শোনা যায়।
ভনভন... ভনভন... ভনভন...
আমাদের কানে সেই শব্দ বড় মধুর হয়ে বাজে।
জানালা, ড্রয়িংরুম, বেডরুম পেরিয়ে সে চলে আসে আমাদের মাঝে।
এবার মা হাসি হাসি মুখ করে বাবার দিকে তাকান,"দেখছো, দেখছো, এতক্ষণে আসছে ! " বাবা সগর্বে বললেন, "বললাম না, দোকানি এইবার ভালো আম দিছে "। পরিবারের জন্য খাঁটি আম কিনতে পারার প্রশান্তি তার চোখে মুখে খেলা করে।
এদিকে আমরা মাছিটিকে খুব সতর্কভাবে তাড়ানোর চেষ্টা করি, যেন আমেও না বসতে পারে, আবার আঘাতও যেন না পায়।
এরপর নিশ্চিন্তমনে আম খাওয়ার পালা শুরু হয়ে যায়।
ওরে ভাই ফরমালিন, তুই দেখালি বটে...।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

