কারেন্ট চলে গেছে,
কারেন্ট যাওয়ার আগে ট্যাব চালাচ্ছিলাম, এখনো ট্যাব নিয়েই ব্যস্ত,
এখনকার দিনে বাচ্চারাও মনে হয় কারেন্ট চলে গেলে কোনো একটা গ্যাজেট নিয়ে বসে, বড়জোর ছাদে যায়।
আমি বেশ কড়া শাসনে বড় হয়েছি, তারপরও ছোটবেলায় কারেন্ট চলে যাওয়া মানেই ছিলো আনন্দের শুরু মাত্র।
বাসার নিচের ঘাসে ঢাকা উঠোনে কারেন্ট যাওয়া মাত্রই শুরু হয়ে যেতো লাফ ঝাঁপ হইচই, মাকে বলে কয়ে রাজি করিয়ে আমিও যোগ দিতাম সেই দলে। জোছনাকে ফ্লাডলাইট বানিয়ে কত রকমের যে খেলা হতো, কানামাছি, টুক্কুরুক (লুকোচুরি), ফলের নাম পাখির নাম আরো কতো খেলা...
তখন এমনি এমনি চিৎকার করাটাও একটা খেলা ছিলো।
কখনো খেলতাম জোনাকি ধরার খেলা,
সফিকউল্লাহ ভাইয়ার নেতৃত্বে হরলিক্সের কাঁচের বয়ামে জোনাকি ধরে ধরে এনে ছেড়ে দিতাম, দেখার মত একটা ব্যাপার হতো, বয়ামের ভিতরে অনেক অনেক জোনাকি, জ্বলছে আর নিভছে, জ্বলছে আর নিভছে...
একদিন বড় হয়ে যাবো বুঝলে তখনই প্রাণ ভরে দেখে নিতাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

