প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রামের ঐতিহ্যবাহি নাগেশ্বরী ডিগ্রী কলেজের অধ্যক্ষের চাকুরির মেয়াদ বাড়াতে প্রতারণার আশ্রয় নিয়ে ভুয়া রেজুলেশুন তৈরি ও দাখিল করার অভিযোগ উঠেছে। রোববার বিকালে কলেজের পরিচালনা পরিষদের সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অধ্যক্ষ সাহেদুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ পত্র জমা দিয়েছেন।
অভিযোগে জানা গেছে, নাগেশ্বরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলহাজ্ব সাহেদুল ইসলামের চাকুরির মেয়াদ শেষ হবে এ বছরেরই আগামী ১১ ফেব্রুয়ারি। কিন্তু গত বছরের ৫ নভেম্বর তৎকালীন সভাপতি কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক-এর সভাপতিত্বে ম্যানেজিং কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় যেসব বিষয় আলোচিত হয় সেইসবসহ অধ্যক্ষের চাকুরির মেয়াদ বৃদ্ধিকরণের সিদ্ধান্তও প্রতারণামূলক রেজুলেশনে লিপিবব্ধ করে এবং ৯ নভেম্বর ভুয়াভাবে একটি সভা দেখিয়ে উক্ত সিদ্ধান্তগুলো অনুমোদনের চেষ্টা করেন অধ্যক্ষ সাহেদুল। এ অবস্থায় ম্যানেজিং কমিটির কয়েকজন সদস্য রেজুলেশনের সিদ্ধান্ত বহিতে স্বাক্ষর দেয়া থেকে বিরত থাকেন। এছাড়াও শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক শামসুল আলম ২৮ অক্টোবর থেকে অসুস্থ্যতাজনিত ছুটিতে থাকলেও তার স্বাক্ষরও রেজুলেশনে লিপিবদ্ধ করা হয়।
ম্যানেজিং কমিটির সদস্য মো: আজিজুল হক সরকার, মো: আওরাঙ্গজেব ও আছির আলী জানান, ৫ তারিখের সভার শুরুতে উপস্থিতির স্বাক্ষর নেন অধ্যক্ষ সাহেদুল। কিন্তু তার চাকুরির মেয়াদের ব্যাপারে কোনো আলোচনা না হলেও পরবর্তীতে রেজুলেশনে তিনি তা লিপিবদ্ধ করেন। পরবর্তীতে ৯ নভেম্বর অনুমোদনের জন্য আমাদের সামনে উপস্থাপন করলে আমরা বিস্মিত হয়ে যাই। যা নিয়ে কোনো আলোচনায় হয়নি তাই দেখি রেজুলেশনে। তখন আমরা আনুমোদনের জন্য স্বাক্ষর দেয়া থেকে বিরত থাকি। এ ব্যাপারে আমাদের বর্তমান সভাপতি নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে লিখিত জানিয়েছি।
এ ব্যাপারে নাগেশ্বরী ডিগ্রী কলেজের বর্তমান সভাপতি নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার আবু হায়াত মো: রহমতুল্লাহ জানান, অধ্যক্ষের নিয়োগ ও মেয়াদবৃদ্ধির বিষয়ে একটি অভিযোগপত্র পেয়েছি। আগামী সভায় আলোচনাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

