অশান্ত নিস্বন
----- রমিত আজাদ
তুমি কি আমার হৃদয়ে কান পেতে স্পন্দন শুনবে?
ওটাকে স্পন্দন না বলে কম্পন বলাই ঠিক হবে।
কেন হয় এই হৃৎকম্পন শুনতে চাও?
নিবাত মলয়ানিল দিনমানে
শান্ত নিঝুম দীঘিতে ঢিল ছোড়,
দেখবে সেই নিস্পন্দ জলধিও
কেমন অস্থির হয়ে ওঠে,
কি আকুলতায় কেঁপে কেঁপে ওঠে তার বুক!
কপালে লাল টিপ,
কোমল কায়ায় জড়ানো
রক্তবর্ণ তাঁতের শাড়ি,
মঁজরী ফোটায় দোল খাওয়া
পুরনো দিনের সোনালী ঝুমকা,
হাতে ওয়াইড স্ক্রীন অধুনাতন মুঠোফোন,
অস্তগামী সূর্যের স্পর্শে আরক্তিম
সাঁঝের আকাশ উপম রাঙা অধরের কোলে,
সম্মোহিনী রহস্যময় হাসি।
এই এতগুলো ঢিল,
কোন দীঘিতে ঝড় তোলে না বলো?
তুমি ঢিল ছোড়া বন্ধ করো,
আমিও আর অস্থির হবোনা।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



