মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তিতে ইটলসের রায়ের পর সরকারকে না জেনেই ধন্যবাদ জানিয়েছিল বিএনপি। কিন্তু ওই রায় নিয়ে ‘শুভংকরের ফাঁকি’ আছে জানতে পেরে ‘শুভকামনা’ ও ‘ধন্যবাদ’ ফিরিয়ে নিয়েছে দলটি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শনিবার সকালে রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে ‘ধন্যবাদ’ ফিরিয়ে নেওয়ার এই কথা বলেছেন।
‘মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা-সংক্রান্ত রায়ে প্রাপ্তি-অপ্রাপ্তি’ শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করে দৈনিক আমার দেশ। এতে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল বলেন, ‘সমুদ্রজয়ের পর সবাই কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। কারণ এটি পুরো দেশকে নাড়া দিয়েছিল। এ নিয়ে যে প্রচার শুরু হয়েছিল, তাতে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। তাই কিছু না জেনেই ধন্যবাদ দিয়েছিলাম।’
গত ১৪ মার্চ সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে (ইটলস) সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে বিরোধের সালিসি মামলায় বাংলাদেশ জয়লাভ করে, যা বাংলাদেশের ‘সমুদ্রজয়’ নামে পরিচিতি লাভ করে।
এর পরপর তাৎক্ষণিকভাবে সরকারকে ধন্যবাদ দেয় বিএনপি। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘ধন্যবাদ এ জন্যই জানিয়েছি যে আমরা প্রমাণ করতে চেয়েছি, আমরা সবকিছু নিয়ে রাজনৈতিকীকরণ করি না। মনে হয়েছে, যদি জয় হয়ে থাকে, তাহলে এই প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের ধন্যবাদ দেওয়া উচিত। এ জন্য সঙ্গে সঙ্গে বিরোধীদলীয় নেতা সংসদে সরকারকে এবং আমি নিজে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকতাদের ধন্যবাদ জানিয়েছিলাম। পরে বিশেষজ্ঞদের লেখা পড়ে যে তথ্য-উপাত্ত জেনেছি, তা থেকে বুঝতে পেরেছি, এটা শুভংকরের ফাঁকি। তাই আমরা নিজেদের অবস্থান পরিবর্তন করেছি।’
মির্জা ফখরুল বলেন, গত সাড়ে তিন বছরে সরকার এতটাই প্রতারণা করেছে যে জনগণ তাদের কোনো কথাই আর মন থেকে বিশ্বাস করতে চায় না। প্রধানমন্ত্রী যখন ২০১৪ সালে ভারতের সঙ্গে সমুদ্রসীমা জয়ের জন্য আবার ভোট চাইলেন, তখনই ‘সমুদ্রজয়ের’ আসল রহস্য স্পষ্ট হয়ে উঠেছে। তিনি বলেন, জনগণ বিদ্যুৎ-পানি-গ্যাস পাচ্ছে না, সীমান্তে প্রতিনিয়ত নাগরিকদের হত্যা করছে বিএসএফ, আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। আর সরকার উৎসব করে এসব ঢাকতে চাইছে।
প্রবীণ সাংবাদিক আতাউস সামাদ বলেন, প্রধানমন্ত্রীকে কেউ বোধ হয় এটা বলেছেন যে ‘সমুদ্রজয়’ বলাটা ঠিক হচ্ছে না। তাই তিনি সম্প্রতি আওয়ামী লীগের এক সভায় মন্তব্য করেছেন, এই রায়ে দুই পক্ষের জয় হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, সরকার দেখানোর চেষ্টা করছে যে মহাবিজয় হয়েছে। আর বিরোধী দল বলছে, মহাপরাজয় ঘটেছে। আসলে সত্যটা হচ্ছে মাঝখানে। এই রায়ে দুই দেশের জয় হয়েছে। কোনো দেশই তাদের দাবি যেভাবে করেছিল, সেভাবে পায়নি।
গোলটেবিলে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এম রেজাউল করিম চৌধুরী। তাঁর দাবি, আন্তর্জাতিক আদালতের রায়টি মিয়ানমারের জন্য ঐতিহাসিক এক বিজয়, বাংলাদেশের জন্য নয়।
দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সঞ্চালনায় গোলটেবিলে আরও বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, সাবেক সচিব আ ন হ আখতার হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও নবনির্বাচিত সভাপতি জয়নাল আবেদিন, অধিকারের সাধারণ সম্পাদক আদিলুর রহমান খান প্রমুখ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

