মানুষ হিসেবে আমি এখনও খুব বেশি বুদ্ধিমান না কিন্তু ছোটবেলা তে আমার অবস্থা ছিল ভয়াবহ। নিজে যা বুঝতাম তাই করতাম। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে নিজে কিছুই বুঝতাম না। আব্বু আম্মু কোনকিছু বুঝাতে গেলে কান্না আসত। আর আম্মু কে তো পুরা শত্রু মনে হত।
মাইর দেয়ার মহান দায়িত্ব আম্মুই পালন করত। আব্বুকে অতিরিক্ত ভয়ই পেতাম এবং এখনও পাই। তাই আব্বুর কখনও খুব একটা মারা লাগে নাই।
আম্মুর কাছে পড়তে বসতে হত। আমার হাতের লেখা ভাল ছিল না। আর এটা ছিল আমাকে মারার জন্য আম্মুর প্রথম পছন্দ।
আমি ছোট থাকতে আমরা থাকতাম খিলগাঁও র দিকে। ওই দিকে দুইটা বাজার আমি চিনতাম। একটা হচ্ছে গোরান বাজার, আরেকটা খিলগাঁও রেলগেট র বাজার। আমার ধারানা ছিল ওই দুই বাজারে সব পাওয়া যাবে।
মাইর খাওয়ার পরে কতক্ষণ ফোঁস ফোঁস করতাম। এরপরেই শুরু হত আমার হুমকি। "তুমি আমার আম্মু না। আমার আম্মু আমার জন্মের সময়ই মরে গেসে। তুমি আমার খালা। তোমাকে আমার বাসাতে আর রাখব না। আজকে বিকালেই গোরান বাজার থেকে গিয়ে ২ টাকা দিয়ে বউ কিনে আনব। ওই বাজারে না পেলে খিলগাঁও বাজারে যাব। আব্বু আসুক অফিস থেকে!!! কত বড় সাহস!!! আমারে মারে!!! পুলিশ দিয়ে ধরায়া দিব। শিশু নির্যাতন র মামলা করব!!....(ফোঁস ফোঁস)"।
মাঝেমধ্যে আম্মুও পালটি দিত। ব্যাগ গুছানো শুরু করে দিত। আমারে হুমকি দেয়ার চেষ্টা করত। বলত "আর থাকব না। তুমি আর তোমার বাপ নতুন মা নিয়া থাক। নতুন মায়ের খুন্তি র ছেঁকা খাও"। আমি অবশ্য এইসব হুমকিতে ভয় পাইনাই। উল্টা বলতাম যে "গেলে আকবারে যাবা। আই বাসাতে আর আসবা না" (এটা ধার করা ডায়লগ ছিল। আব্বু সবসময়ই বলত যে যত রাগারাগি হোক, বাসা থেকে কেউ বের হয়ে গেলে সে আর বাসাই ফিরতে পারবে না। এটা পুরা পরিবারের জন্যও প্রযোজ্য ছিল। অইখান থেকে শিখসিলাম।)। অবশ্য আব্বু আসার আগেই আম্মু তার ব্যাগ থেকে সব নামিয়ে ফেলত।
আব্বু অফিস থেকে আসার পরে দূরে দারিয়ে ফোঁস ফোঁস করতে দেখেই বুঝত যে আমি আজকে পালিশ খাইসি।
বিকাল বেলা সুন্দর জামা জুতা পরে, চোখে কাজল আর কপালে নজর ফোঁটা (আমি ক্লাস টু পর্যন্ত নজর ফোঁটা দিসি) দিয়ে বাজার এর দিকে যেতাম। তখন খিলগাঁও বাজারের কাছে বড় একটা হোটেল ছিল। এতদিন পরে নাম মনে নাই। ওইখানে ভাল মোগলাই পরাটা পাওয়া যেত। আব্বু আমাকে হোটেলে বসিয়ে মোঘলাই পরাটা খাওয়াত। ওইটা খাওয়ার পরে আমি নড়াচড়া করতে পারতাম না। আব্বুর কোলে করে বাসাতে ছলে আসতাম। কোনদিন আর বাজারে বউ কিনতে যাওয়া হত না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

