মন কুঠুরী ঝুরি ঝুরি
বিরহী নকটুর্নাল
কেন ঘুম এসে বাঁধেনা বাসা
চোখের পাতায় ?
রাত জুড়ে বুনো শৃগালের কোরাস;
ঝিল্লির অন্তহীন ডাক
সে'কি সংগীত?
না লুকিয়ে রাখা বেদনার বিলাপ?
আধাঁরে ঘর পালানো জোনাকী মেয়ের দল
উড়ে আসে জানালায়;
অথচ
হাত বাড়ালেই দুরে সরে যায় -
একদিন এভাবে কেউ গিয়েছিল চলে,
তারপর আর কোনদিন-
আর কোনদিন তারে পাইনি ফিরে।
সব রোদ চুষে নেমেছে কু্যাশার হিম
রিক্ত সন্ন্যাসে শ্রী হীন পৃথিবীর হৃদয়;
আমার হৃদয়-
কত প্রতিক্ষার প্রহর গুনে গুনে
অমিমাংসিত প্রশ্নের হুতুম চোখ
তারপর
ঝুলে গেছে ইনসমনিয়াক দেয়ালে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



