
এই হৃদয়ের চাঁদগুলো তোমার- দিয়ে দিলাম যাও
এই নাও আকাশটাও তোমার- দিয়েই দিলাম যাও !
তারাগুলো রাগ করেছে-
তোমার থেকে একটা করে চুমো চায় !
ফুলগুলো ফুটতে চায়- যদি তুমি বলো
তাদের খুব পেতে ইচ্ছে করে তোমার খোশবু !
সকালটাও ইদানিং এলোমেলো করছে-
সে চায় তোমার স্নিগ্ধতার ভোর ।
সূর্য চেয়েছে তোমার নদের অবগাহন
জল চেয়েছে তোমার পবিত্রতা ।
বিকেলটা তেমন কিছু চায়নি-
চেয়েছে লালিমায় তোমার অবাক চেয়ে থাকা ।
রাতটা একটু বেশি আবেগী
তার নাকি গভীরতা অনেক !
তাই সে চেয়েছে- তোমার থেকে পেতে দুঃখ
তোমার নাকি আছে- দুঃখ দেয়ার অগণিত ক্ষমতা !
বাতাস চেয়েছে তোমার অবসরের মাতালতা-
তার হয়েছে নেশা- চায় উড়িয়ে নিতে সবকিছু !
সমুদ্র চায় তোমার নীরবের ফোঁটা ফোঁটা জল
তার নাকি আছে মাখামাখি বেশ- রৌদ্রের সাথে !
মৃত্তিকাও চায় অদ্ভুত কিছু- তোমার চরণের নির্মল ছোঁয়া
এই ছোঁয়ায় লেপটে যাওয়াতে অমোঘ অমৃত পেয়েছে সে !
বৃক্ষের কথা আর কী বলবো !
সে পাতা ঝরিয়ে দেয়- তোমার মায়া ভরা যৌবনে
এই ব্যথায় নাকি কামাতুর নিষ্পাপের ঘর্মাক্ত সুখ আছে !
এভাবে এমন এক প্রকৃতি গড়েছে এই হৃদয়
চোখের বিশালতায় তারা এখন নেই খেয়ালে
ছুটে চলে- ছুটে আসে, যখন ইচ্ছে- তখন ইচ্ছে !
নিশ্চিত তুমি হয়ে গেছো- তোমায় আসতে হবে
নয়তো নিঃসঙ্গ নিশ্বাস হবে স্থায়ী- গহীনের ।
গিলে নিজস্ব করবে- আপন স্পর্শে গড়া আপন প্রকৃতি ।
ছবি কৃতজ্ঞতা- নেট ।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




