তোমার একটু সময় হবে কি?
আমি অবসর দিতাম ব্যস্ততাকে, স্নিগ্ধ হতাম তোমাতে!
তোমার একটু সময় হবে কি?
আমি কবিতা লিখতাম, অবাঞ্ছিত করতাম সব অসৎ আহবান!
একটু সময় দেবে কি?
মোটের উপর পাচঁ মিনিট? আমি সে চোখে চোখ রাখতাম,
ওখানে ঐশ্বর্য আমার, হোক নাহয় সমুদ্রনীল নয় সে চোখ!
এই ধরে নাও জেমসের গানের মতন?
আরো কিছুক্ষন কি রবে বন্ধু? আরো কিছু কথা কি হবে?
সেই তোমার একটু সময় হবে কি?
আমি উষ্ণ পেয়ালা পূর্ণ ভালোবাসার চুমুক উপেক্ষা করতাম
শুধু তোমার জন্য!
শুধু তোমার দেয়া একটু সময়ের জন্য!
ট্র্যাফিকের সিগনালে, এক গুচ্ছ হলুদ গোলাপ কিনতাম
কিংবা ভ্যাটিকানের পোপের মত কবুতর উড়াতাম!
স্পেনের ইবিজা দ্বীপে একসাথে সূর্য স্নান করতাম!
তোমার একটু সময় যদি হত!
আমি রাষ্ট্রপ্রধান হতাম, আমাদের ভালোবাসার গল্প
সে রাষ্ট্রের অবশ্য পাঠ্য হত!, চাই কি সংবিধান!
শুধু তোমার একটু সময়ের অপেক্ষা!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

