বর্তমানকালীন
সম্ভবত আমার অতীত এবং
ভবিষ্যত দুই’ই আছে, বর্তমান নেই।
তাই কষ্টের বিন্যাসে অপরিপক্ক চেতনা সামান্তরাল।
যদিও যদি’রা আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন
তথাপিও আমার প্রকৃতিতে
নিখাদ ক্লান্তির স্পষ্ট ঝিমুনি।
এটা বিভ্রান্তি, নিছক ভুল অথবা আমার ক্ষেত্রেই এমন।
তোমার ক্রোধে, বর্তমানের দাম বেড়েছে বহুগুণ আর-
ক্ষতের লজ্জায় আমার প্রস্তুতিহীন সময় স্থবির।
জীবনের খণ্ডিত গতিবেগ ক্ষতচিহ্নের সীমানায় আড়ষ্ট
বাতাসে তাই অপরিণামী চাঁদের মিষ্টি অসন্তোষ;
বেচে থাকার নকশায়, অভিনয়ের ফ্রেমে, অভিনয়ে।
চিত্তরসের প্রতি বৈরাগ্য আছে আমার আর-
সুন্দরের সঙ্গে অভিমান।
নিরাসক্ত মৃত্তিকার অবয়বে সাজানো
কুশপুত্তলিকা দাহ করে আমার বিবেক।
অনাদরের সাতপুরুষ
শ্রীহীন বস্ত্রের দৃষ্টিকটুতা সহ্য করে
গাল ফুলানো ঝগড়া বিগড়ে দেয়
অযাচিত্তে আসা বর্তমানের।
তুমি সুখ দেখিয়ে মিথ্যে আস্বাদিত কর অবলীলায়
অথচ আমি জানি পরিশিষ্ট বলে কিছু নেই।
সুতরাং, হে ধ্যানগম্ভীর ক্ষুধার্ত বর্তমান!
সাধ্য নেই তোমার ভাল থাকার
কেবলি আমার মত যদি’দের ভাল বাসতে পার
সুখ ছেড়ে অবলীলায়।
টিটো
আগস্ট ২০০৬। ঢাকা।

সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




