পাওয়ার ইজ ব্যাক।
দেরি হবে ভেবে ভোদরের ভো'দৌড় সকাল ৮ টায়। বাসা হতে বের হয়ে রিক্সায় বাসস্টপ, মিরপুর ১। দীর্ঘ লাইনে আধাঘণ্টা দাঁড়িয়ে অতঃপর রিক্সায় দফা। বাস নেই। যেসব গাড়ির ড্রাইভার শুদ্ধ নেমে প্রতিদিন কোলে করে যাত্রী উঠায় সেইসব গাড়িতে আজ উঠার জন্য লোকজন লাইনে দাড়িয়েছে। বাড়তি ভাড়া আদায়ের কুট-কৌশলে গাড়ি কমিয়ে সংকট তৈরি করা আর কি! মানুষজন বাড়তি ভাড়ায় অভ্যস্থ হয়ে গেলে আর সমস্যা নাই। কুঁজো গাড়িগুলো আবার রাস্তায় নামবে। যানজটের কারিগর পাওয়ার দেখাবে। ওদের পাওয়ারও কম কীসে।
যাই হোক, রিক্সা ঘুরে আবার সেই বাসার রাস্তায়। সময় এক ঘন্টা, আর ৫০ টাকার গচ্চা। ষাট বর্গফুটের সেই বিখ্যাত রাস্তায় উঠতে ঘামে ভেজা জ্যাম। ঠেলতে ঠেলতে এগিয়ে যাচ্ছি। সরিসৃপের গতিতে। কোথাও রাস্তায় জমা করা নির্মাণ সামগ্রী, কোথাও যত্রতত্র পার্কিং, কোথাও চালকের খামখেয়ালি। আর অল্প কিছুতেই সবাই কেমন রেগে যাচ্ছে।
-আমারে চিনোছ?
-চিনিনা। চিনতে লাগবে ক্যান?
জট ছোটাতে আসা একজন স্বেচ্ছাসেবক লোককে সিএনজি অটো চালক ধমকালে পরিস্থিতি আরো জঠিল হয়। প্রায় খুনোখুনি। আবার কিছুক্ষণ পরেই ভিন্ন চিত্র। প্রতিরক্ষা বাহিনীর একটা গাড়ি আটকে আছে সে পথেই। একজন সেখানে নামলে সব রফা হল। আমদের রিক্সা এবং আমরা খালাস। চিনতে হলোনা আর কিছু। এটা বোধকরি পোষাকের পাওয়ার।
জনগণই সব শক্তির উৎস। রাজনৈতিক ভাষণে সেসব শুনে কান পাকিয়েছি অনেক আগেই। আর দেখে অভ্যস্ত হয়েছি, ক্ষমতায় গিয়ে নিজের পাওয়ারেই আস্থা রাখে রাজনীতি। তবে ঢাকার রাস্তায়, যানজটে আপনি আরও কিছু পাওয়ার টের পাবেন প্রতটি সেকেন্ডে। প্রতি ইঞ্চিতে। এখানে রাজনীতি ছাড়াও দীর্ঘ জট, হাজার ভোল্টেজ পাওয়ারের চাপে নাকাল ঢাকাবাসী। তবে আজ যে পাওয়ারের কথা বলছি তা ঈদ ফেরত জনগণের চাপ। ত্যাজি গরুর গোস্ত খাওয়ার পাওয়ার। ওরা ফিরে এসেছে পুরোদস্তুর অবয়বে। শুধুই গুতা মারার পাওয়ার নিয়ে।
পুনশ্চঃ ক্যাপশন এর উপরে দোকানীর সাইনবোর্ড "পাওয়ার ব্যাক"। আইপিএস এ। মনির ভাই এর মধ্যেও হাসছে। রিক্সা থেকে একবার পড়তে পড়তেও বেচে গিয়ে। এটা টুথপেস্টের পাওয়ার কিনা জানিনা। তবে আমার অফিসে পৌঁছতে দেরি হয়েছে আজও। যদিও গত ক'মাসের দেরির কারণে বস'কে কথা দিয়েছিলাম, 'আই উ'ল বি গুড'। কথা না রাখবারও সাহস লাগে, হিম্মত দরকার।
পাওয়ার ব্যাক। তাইনা?
টিটো
অক্টোবর ০৪, ২০১৫। ঢাকা।

সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




