একটা দীর্ঘ কবিতা সিরিজ লিখবো ব্লগে আর ফেসবুকে “বাংলাদেশঃ তুমি মিশেছ মোর দেহের সনে” শিরোনামে! আজকে থেকেই শুরু!
বাংলাদেশঃ তুমি মিশেছ মোর দেহের সনে-১
ঠোঁট
জন্মের নদী; তারপরে নতুন করে কিভাবে পরিচয় নাইবা জানলে
স্নেহের ব্যাবধি, সাড়ে তেরোশ নদী অথবা সাড়ে তেরোশ ঠোঁট,
শরীরের আকুতি, আমি কতবার ডুব দিয়ে তার জলে,
ভীষণ কেঁদেছি , তারপর ভুলে গেছি সব শোক ।
শোকে- সন্তাপে কেঁপে কেঁপে উঠা, উথাল-পাথাল ঢেউ
অথচ আমার পূর্বপুরুষে নাবিক নেই যে কেউ
তাই মনে বড় অশ্রু-সাগর ভয়!
কখনো বুক চিতিয়ে হয়নিকো করা জয়
দুধরাজের লবনাক্ত ফণা,
তবু যদি পিছুডাকো, ডেকেই ফেল যদি
এবার আর অমত করবো না!
বুক জুড়ে কলমী লতার শাক, ডেকে যাক, ডেকে যাক,
বেগুনী কচুরিপানা, অতল জলের আহ্বান , প্রত্যাখ্যিত জোস্না ।
এবার আর অমত করবো না!
তুমি শুধু শিখিয়ে নিও প্রেমিকা
উথাল পাথাল চুম্বন কালে হাল শক্ত রাখার তরিকা!
তুমি শুধু মাখিয়ে নিও পতাকা,
আকুলি বিকুলি শিহরণ থাকুক ঢাকা, থাক ঢাকা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


