বর্তমানে বাংলা ভাষার সবচেয়ে বেশি ক্ষতি বেসরকারী রেডিওগুলো করছে বলে আমার মনে হয়! এর আগে বাংলা ভাষার এমন সৌন্দর্যহানি আর কোন গণমাধ্যম করেনি বলে মনে করেন সচেতন মহল। বাংলাদেশ বেতার থেকে শুরু করে রেডিও টুডে, রেডিও ফুর্তি, রেডিও আমার, এবিসি রেডিওসহ সব ক'টি স্টেশন থেকে প্রচারিত বেশ কয়েক দিনের অনুষ্ঠান রেকর্ড করে শোনা যায় বাংলা ভাষা বিকৃতির নানা রূপ। অধিকাংশ রেডিও বাংলা ও ইংরেজীর মিশেলে জগাখিচুড়ি এক ভাষা প্রচার করছে। রেডিওগুলো এর শ্রোতাকে কখনও 'লিসেনার্স', কখনও 'বস', কখনও 'ব্র' (ইংরেজী ব্রাদার শব্দ ভেঙ্গে), এমনকি কখনও 'মামা' বলে সম্বোধন করছে। 'আমি তোমাকে ভালবাসি' অনিন্দ্য সুন্দর এ বাংলা কথাটিকে তারা বলছে_ 'আমি তোমাকে অন্নেক লাভ করি।' অভিযোগ রয়েছে, রেডিও টুডে এ অপচর্চার সূচনা করে। বর্তমানে সবচেয়ে বেশি অভিযোগ রেডিও ফুর্তির বিরুদ্ধে। এ রেডিওতে কান পাততেই শোনা গেল, অপু নামের একজন আরজে আবহাওয়ার খবর দিচ্ছেন। তার বলার ধরনটি হুবহু এ রকম_
'এন্ড দিস ইজ আর জে অপু চলছে ঢাকা কলিং ঘড়িতে সময় একজ্যাকটলি ৫টা ৪৮ মিনিট এন্ড ইটস টাইম ফর ওয়েদার আপডেট।'
সব কথাই প্রায় এক নিঃশ্বাসে বলে যান উপস্থাপক। মনে হয়, পুরোটাই এক বাক্য। পরের বাক্যটি তিনি প্রথমে বাংলা তারপর ইংরেজী এবং সবশেষে আবার বাংলা দিয়ে শেষ করলেন। কথাটি ছিল এ রকম_
'আকাশ মেঘাচ্ছন্ন সো বি প্রিপিয়ার্ড বৃষ্টি হতে পারে।'
একইভাবে শ্রোতার পাঠানো এসএমএস পড়তে গিয়ে রেডিও টুডের এক আরজে বলছিলেন,
'আমাকে লিখেছেন শাহনাজ ফ্রম গ্রিন রোড। আমরা এখন তার পছন্দের সঙে চলে যাব। এটি সে ডেডিকেট করেছে টু হার জান্টুস ফারহান।'
রেডিও আমার গান শোনাবার আগে বলছিল_ 'নাউ প্লে করছি একটিই আমার তুমি বাই হাবিব। অনুষ্ঠান সম্পর্কে আমাকে কোন আস্ক করতে চাইলে এসএমএস করুন।'
তবে বাংলা-ইংরেজীর মিশেল কোন্ পর্যায়ে গিয়ে পৌছেছে সেটি বোঝা গেল রেডিও টুডে থেকেই। শ্রোতাদের যে কোন কথা এসএমএসের মাধ্যমে জানানোর আহ্বান রেখে এ রেডিওর আরজে তাইব বলছিলেন,
'লিখে ফেলুন এনি কিছু এবং পাঠিয়ে দিন আমার নাম্বারে।'
ভাষা বিকৃতির পাশাপাশি আরজেদের জ্ঞানের সীমাবদ্ধতাও স্পষ্ট হয় জাতীয় দিবসসহ গুরম্নত্বপূর্ণ দিনগুলোতে। গত বছরের একটি ঘটনা মনে আছে ,গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিন এক রেডিও জকিকে বলতে শোনা যায়_
'হেই লিসনার্স, আজ স্বাধীনতা দিবস। আপনারা জানেন, এটি একটি অনেক স্পেশাল ডে। এ দিন আমাদের হিরোরা জীবন দিয়েছিল সো দ্যাট আমরা ভাল থাকি।'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


