তোমার শেষ বিকেলের বিদায় চুম্বনখানা
আমার ফুলহাতা শার্টের বুকপকেটে নিয়েই আমি রাস্তায় হাঁটছি।
ঈশ্বরের শপথ, এই চুম্বন যদি দেখে ফেলতো সবাই
তাহলে হিরোশিমা আর নাগাসাকিতে ব্রহ্মাস্ত্র ফেলতোনা আমেরিকানরা,
অথবা সব খারাপ লোক হয়ে যেত সাধু, দেবতা অথবা মেঘ।
ব্যারাকে থাকা সব পুলিশ আর সৈনিকেরা মার্চ বন্ধ করে বসে যেত আকাশের নিচে
তাকিয়ে তাকিয়ে দেখতো সুর্যের ওঠা আর ডুবে যাওয়াকে।
পথের পথিকেরা পথহারা হয়ে থেমে যেত পথের মাঝখানে
আর গাইতে থাকত মানব সংগীত।
তুমি তখন আবার আমার গাল ছুঁয়ে দিতে
আমি তোমার অলস চোখের পাতায় কিন্তু আঁকতে শুরু করেছি আমাকেই
বাচ্চা বাদামওয়ালা ঝুড়ি নিয়ে ঘুরতে থাকত
তুমি একমুঠ বাদাম ছুড়ে দিতে আকাশে আর লক্ষীপ্যাচারা সেগুলো মুখে নিয়ে দে ছুট!
কিন্তু আমি চুমুটা বের করলাম বাসার বারান্দায় দাঁড়িয়ে।
তোমার শেষ চুমু, তোমার শেষ স্মৃতি, তোমার হারিয়ে যাওয়া
কেউ জানলোনা, কেউ দেখলোনা
আমি দেখলাম, আমি বুঝলাম... ডুবে গেলাম অন্ধকারে
তোমার স্মৃতির প্রকৃত জলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

