আঠারো বছর পার হলো
আমার সাথে দেখা হয়নি নদীর।
আজ জোহরের ওয়াক্তে অনেকটা
নাটকীয় ভাবে তার সাথে দেখা।
রমজান মিয়ার জলসিঁড়ি ঘাটে
দুই পা ছড়িয়ে বসে আছে নদী ।
আমি বিরহ কাতর প্রেমিকের মতো
চিৎকার করে ডাকি- নদী... নদী...
আমার ডাকে অপ্রস্তুত বিষ্ময়ে ছলকে ওঠে নদী।
হাত ধরতে এগিয়ে যেতেই প্রথা মতো ফাঁকি দিয়ে
নদীর জলে মিলে যায় নদী,
আমার অতি আপন মায়াময়ী নদী।
জলের জাল তন্তুতে ভিজে ভিজে ওঠে
আমার অনাহূত হাত।
আঠারো বছরের লালিত অনাহুত কষ্ট
আবারো বিষাক্ত সাপের ফণার মতো
এক লাফে জেগে ওঠে মরীচিকার জলে।
আবারো আমার চোখ ভিজে যায় হতাশার লোনা জলে ।
তারপর আঠারো বছর...
আমি প্রবাহিত জলের ভিতর
তলিয়ে যাওয়া নদীকে খুঁজতে থাকি।
ভরা জোয়ারের দু’কুল ছাপানো
নদীকে আমি কোথাও খুঁজে পাই না।

সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



