আয় জোনাকি আয়।
এই ছোকড়া তোরা কি ওদিক থেকে এলি
দেখেছিস কি আমাদের জোনাকি কে?
ঠিক ঠাক চিনিস তো তুই ওকে
ওই যে রোগা, পাতলা, চিমচিমে কালো,
প্রজাপতির সাথে পোস্টার লাগাতো দেয়ালে দেয়ালে
রাতভর হাড়িয়া টানতো আর ভ্যাঁট ফুলের
দরবারে মাতাল হয়ে পড়ে থাকাতো।
আমাদের জোনাকি চাঁদের সাথে পাল্লা দিয়ে
ধান ক্ষেতে জ্বালাতো আলোর মশাল
কৃষাণীর নাক ফুলে তুলে দিতো মুক্তার আভা।
ও কৃষাণী, ও ধান ফুল দেখেছিস কি তোরা ?
সাঁঝের বাতাস জানিস কি তুই জোনাকির কোনো খবর?
আয় জোনাকি আয়।
তুই এলে এ নাদাপেটার হবে নবান্ন
পাড়ায় কোরবানী হবে জোড়া পশু।
জোনাকি হারানোর খবরে ওদিকে উদগ্রীব প্রেসক্লাব
গণ জমায়েত শুরু হয়েছে পল্টনে
আর পাড়া মহল্লায় চলছে মাতম।
ও কাঠঠোকরা তোর কি জানা-শোনা আছে ?
হালে দেখা হয়েছে কাঁঠালচাপা তোর সাথে ?
অজিন, তুই ?
না না না
আমরা জোনাকি দেখিনি
আমরা আলো দেখিনি
আমরা স্বপ্ন ভুলিনি
আমরা সকলে আজ পল্টনমুখি।
শুনেছি ওখানে আজ আলো জ্বলবে
হারানো জোনাকি পাঠ করবে ভগবানের মহাকাব্য।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


