এসো আবার সেই সময় খুঁজে ফিরি
মুঠোফোনে চুপচাপ নৈঃশব্দ লেনদেন
তাতে অনেক না বলা কথার জন্ম হতেই মৃত্যু
কিছু অনুভূতির আনাগোনা
ঐ তাড়িতচৌম্বক তরঙ্গের সঙ্গী হয়ে
নৈঃশব্দের মাঝে ডুবতে থাকা অলস সময়
আর সময়ের পথ ধরে ভেসে আসা
নৈঃশব্দের তীব্র কথোপকথন।
এসো আবার সেই সময় খুঁজে ফিরি
দাম দিয়ে কেনা নৈঃশব্দের সময়
কিছুটা অলস নৈঃশব্দ আর কিছুটা বিলাসিতার
কিছুটা অহংকারী আর কিছুটা কৌতুহলী শব্দহীনতা
কিছুটা ভুল বোঝার আর কিছুটা বুঝতে না চাওয়ার
এসো আবার সেই নৈঃশব্দ খুঁজে ফিরি
কিছুটা পাবার আর কিছুটা হারাবার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

