এই মহাজগতে
তোমাকে স্বীকার করা মানে
নিজেকে স্বীকার করা
শুধূ একা বেঁচে উঠা
আর একসাথে ত্রিশলক্ষ
সহোদরের মৃত্যু মেনে নেয়া
আর বিরোধীতাশূন্য এক
কুরুক্ষেত্র পার হয়ে
একা একা
অশ্রুময় যুধীষ্ঠিরের মতো
স্বজনহীন
স্বর্গের দিকে চলা
আর তোমার দ্বারে এসে
ক্লান্ত স্বরে বলা
এবার আমাকে
গ্রহণ করো হে পৃথিবী
আরো শতকোটি
মৃত্যুতেও
যেনো ম্লান হবার নয়
তোমার ওই অন্তহীন
প্রতীক্ষা
যারা পেছনে পড়ে আছে
মৃত ও বিস্মৃত
তারা তা জানে না
জানে না তোমার অস্তিত্ব
আছে কি নেই
আর তাদের
ওই নিরাশ্রয় ব্যাকুলতা
তুমিও জানো না
আর ওই অন্তহীন দৌড়
তারা জানে
শুধু সামনের দিকে
আর সব দিক
শুধু মৃত্যুরই দিক
তারা এখন
মৃত মাছের মতো
হয়তো ভেসে যাচ্ছে
মহাঅন্ধকারে
তুমি কোনোদিন
শত্রুশূন্য ওই কুরুক্ষেত্র
দেখতে পাবে না
হেলেন
জানতেও পাবে না
ওই কুরুক্ষেত্র
পার না হয়ে
তোমার কাছে কেন
আসা যায় না
কোনোদিন
তুমি শুধু জানো
একমাত্র প্রেমিক আমি
আর আমি তো জানি
আমরা ত্রিশ লক্ষ
সহদোর ছিলাম
কেন তুমি দ্বার
চিরদিন একজনের
জন্যই খোলো
হয়তো তুমি শুধু
ওই মহাজাগতিক
দুর্ঘটনা থেকে
বাঁচাতে চাও পথিকেরে
যেই হোক
তুমি দ্বার একবারই
খোলো
আর বন্ধ করো
ততোধিক দ্রুত
যেনো পেছনে পেছনে
ছুটে আসা আমারই
চিরছায়া ওই মৃত্যু
তোমার আত্মায়
কোনোভাবেই
ঢুকতে না পারে আর
তবু মৃত্যুর
মুখোমুখি হতে হবে
আমাকে আবার
কারণ ছুটতে ছুটতে
ছুটতে ছুটতে
জেনে গেছি
আমার আত্মাতেই
ওই মুত্যুর চিরআবাস
আমার অপরাধ
তাকে শুধু করিনি স্বীকার!
২২.০২.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


