সারারাত অবিরাম যাত্রা শেষে
ক্লান্ত ক্ষয়িষ্ণু অন্ধকার প্রায় ছুঁয়ে ফেলেছে
প্রভাতী আলোর অমলিন হাত -
ঠিক এরকম কোন সময়ে-
চোখ মেলে তাকানোর আগে
প্রত্যাশায় জেগে ওঠে,
একটি বিস্ময়কর সূর্যোদয় -
আকাশ জুড়ে অপরূপ আলো- উদ্ভাসিত চরাচর-
আনন্দিত পাখিদের কোলাহল, কোমল শিউলি।
যথারীতি যাত্রা শুরু হয়- একটি গতানুগতিক দিনের,
হাঁটি- চলি- বলি, পরবর্তী পদক্ষেপে বিস্ময় অপেক্ষা করছে ভেবে
পা এর পর পা ফেলে এগিয়ে যাই ।
হিসেব মত পলক পড়ে চোখে-
প্রতিটি চোখ মেলে একটি বিস্ময়ের অপেক্ষায় থাকি -
ঢুকে পড়ি ক্রমশ দিনের গভীরে-
পত্রিকার পাতা খুলি-
বিস্মিত হতে চেয়ে রচিত হয় -
প্রতিবিস্ময়ে আক্রান্ত দিনলিপি ।
************************************
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



