বসন্ত এসেছে কবি,
রেখনা মনে আর কোন অভিযোগ;
দেখো শিমুলের ডালে - পলাশের ডালে
কি দারুন অনল সংযোগ।
ফাগুন আগুনে পুড়েছে মাঘের শুন্যতা-
কোথাও নেই আর কুহেলী আঁধার,
নিকুঞ্জ শাখে কুহু-পাপিয়ার গানে
আম্রপালির বনে এসেছে পূর্নতার জোয়ার।
বাউলের কন্ঠে মরমী গানের ঢেউ-
গেরুয়া বসনে ছুটে চলে বহুদুর,
গৃহস্থের নিকোনে উঠান জুড়ে হাসিছে
টুকরো টুকরো সোনালী রোদ্দুর।
খুলে দাও দখিনা জানালা
দেখ বাহিরে বহিছে মধু সমীরণ,
কান পেত শোন ঐ
অভিসারী ভ্রমরের গুনগুন গুঞ্জন।
তবুও কি কবি রহিবে চুপ?
কহিবেনা কথা, রচিবেনা গান?
হৃদয় অন্তপুরে লুকায়িত বিষাদের
তবে নেই কি অবসান?
জাগো কবি জাগো-
বসন্তে অবহেলি করোনা অপমান;
চৈতালী হাওয়ায় উড়াও শব্দ ঘুড়ি
ভুলে যত যাতনা, যত অভিমান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


