
এই প্রেম,
তুমি সপ্তসিন্ধু পেরিয়ে আর এসো না
তবে তো হাজারও পৃথিবী সবুজ নিঃশ্বাস পেত !
নীরবে নিভৃতে সূক্ষ্ম টানে চলে তোমার অশুদ্ধ ছলাকলা
যেখানে হৃদয় বিঁধে স্বপ্নের কোন বিক্ষিপ্ত ঝুল বারান্দায় ।
সুখ বিহারে শলাকার আলতো ঘর্ষণ-
তারা ভাবে এ তো আসছে প্রেম !
তুমি কী জানো তোমার অপব্যাখ্যা ?
যেখানে তুমি নেই সেখানে তাদের অনুভব-
সমুদ্র করে তিরস্কার, আকাশ ভেঙ্গে পড়ে
জ্যোৎস্না কাঁদে, চাঁদের মলিনে দুঃখী মেঘ আড়ালে ঢাকে ।
এই প্রেম,
তুমি এসো না পাপড়িতে পরাগ-রেণু হয়ে
তারা বলে অজরায় ফুল লাবণ্য হারায়
যেখানে তোমার ঘ্রাণ নেই সেখানে তাদের ঘুম নিঃশ্বাস-
রাত লুকিয়ে যায়, তাই সকাল বিলীন
সন্ধ্যা ফেরে না, কারণ সেখানে নেই কোন সূর্য ।
এই প্রেম,
তুমি অবাক নও তো,
তোমার উল্টো পাতার বিতাড়িত আচরণ !
তুমি আর এসো না অদৃশ্য কোন স্বপ্নতরী মাধুর্যে
এই তল্লাটে তুমি বিভ্রম, ঘোরলাগা নিঃস্ব অমোঘ ।
এই প্রেম,
তুমি আর এসো না রক্ষিত রঙে,
ধূমায়িত কোন রঙিন পৃষ্ঠায়-
কোন কবির ঘুম কেড়ে নিতে,
কিংবা কোন লেখকের গল্প বাড়াতে ।
অথবা এসো না কোন অযাচিত ঢংয়ে-
আঁকুনির রংতুলি অগোছালে ভাসিয়ে দিতে।
নয়তো এসো না কোন ঝংকার হয়ে-
ফেলো না নাচুনির পদাঙ্ক দুঃখ ধ্রুপদী সৃষ্টিতে ।
ছবি কৃতজ্ঞতা- নেট ।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


